পাকিস্তানের নিরাপত্তা তল্লাশি চৌকিতে ১০০ জঙ্গির হামলা, নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের শহরতলিতে আজ বুধবার শতাধিক জঙ্গির একটি দল নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। হামলার সময় বন্দুকযুদ্ধে ১৭ জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য নিহত এবং অনেকেই আহত হয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।নিরাপত্তা কর্মকর্তা আবদুল জব্বার জানান, পাকিস্তানে আদিবাসী অধ্যুষিত আফগান সীমান্তবর্তী খাইবার এলাকার কাছে আজ ভোর হওয়ার আগেই ওই হামলা হয়। তিনি বলেন, ‘হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও রকেটে সজ্জিত ছিল। আমরা সফলভাবে তাদের প্রথম হামলা প্রতিরোধ করি। জঙ্গিরা আবার হামলা চালালে তাদের সঙ্গে আড়াই ঘণ্টা গুলিবিনিময় হয়।’ কোনো গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে ২ মে মার্কিন সেনাদের হাতে পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তালেবান জঙ্গিরা কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গতকাল মঙ্গলবার গুলি করে আল-কায়েদার সঙ্গে জড়িত পাঁচজন চেচেন জঙ্গিকে হত্যা করে।