পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর সালমান তাসির দেহরক্ষীর হাতে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর ও পাকিস্তান পিপলস পার্টির প্রবীণ নেতা সালমান তাসির তাঁর নিজস্ব দেহরক্ষীর গুলিতে ইসলামাবাদে নিহত হয়েছেন। হত্যাকারী দেহরক্ষী মালিক মুমতাজ হুসাইন কাদরিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার বিকেলে কোহমার শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সালমান তাসির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিশ্বস্ত সহচর ছিলেন বলে জানা গেছে।পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার জানিয়েছেন, বাজার থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় গভর্নরকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।জানা গেছে, ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসিয়া বিবিকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অনুরোধ করেছিলেন সালমান তাসির। শুধু তাই নয়, তিনি ব্লাসফেমি আইনের বিপক্ষে কথা বলে ইসলামপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন বলে জানা গেছে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দেহরক্ষী স্বীকার করেছেন, আসিয়া বিবিকে সমর্থন করায় তিনি গভর্নরকে গুলি করে হত্যা করেছেন।গভর্নর সালমান তাসিরের হত্যাকাণ্ডে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। বিবিসি, দ্য নিউজ।