পাকিস্তানের পারমাণবিক বোমা আছে বিদ্যুৎ নেই: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ মঙ্গলবার বলেছেন, পাকিস্তানের জন্য এটা একটা ‘ট্র্যাজেডি’ যে দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী কিন্তু দেশটিতে বিদ্যুতের সংকট অন্তহীন।‘দ্য ডন’ বলছে, পাকিস্তানের বিদ্যুৎ খাতে বহু বছর ধরে অব্যবস্থাপনা, বিনিয়োগহীনতা ও দুর্নীতি অব্যাহত আছে। দেশটিতে গ্রীষ্মকালে তাপমাত্রা যখন ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন দেশটির অধিকাংশ এলাকা প্রতিদিন গড়ে ২০ ঘণ্টা বিদ্যুত্হীন থাকে।বিদ্যুৎ সমস্যার সমাধানে নওয়াজ নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছেন। তবে তিনি সাবধান করে দিয়েছেন, এ সমস্যার কোনো তাত্ক্ষণিক সমাধান নেই।পাকিস্তানের পারমাণবিক বোমা পরীক্ষার ১৫ বছর পূর্তি উপলক্ষে লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে নওয়াজ বলেন, ‘এটা লজ্জার ব্যাপার যে দেশের মানুষকে কেবল বাতি জ্বালিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হচ্ছে।’ ইস্পাত ব্যবসায়ী নওয়াজ আরও ঘোষণা করেছেন, ক্ষমতায় গিয়ে তিনি দেশের জলসম্পদকে সদ্ব্যবহারের জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করবেন এবং প্রয়োজনে চীন ও তুরস্কের সহযোগিতা নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবেন।