পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন খোসো
সাবেক বিচারপতি মির হাজার খান খোসো পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খোসোকে আজ সোমবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শপথবাক্য পাঠ করান।‘দ্য ডন’ জানায়, তত্ত্বাবধায়ক প্রধানের শপথ নেওয়ার অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ, সাবেক স্পিকার ফাহমিদা মির্জাসহ সাবেক মন্ত্রীরা ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের খোসো বলেন, পাকিস্তানের উদ্ভূত সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো নির্বাচন। কিছুদিনের মধ্যেই তাঁর সরকার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসবে।‘দ্য ডন’ জানায়, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারগুলোর নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার যে রেওয়াজ রয়েছে, খোসো সে রেওয়াজ থেকে বেরিয়ে আসারও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর প্রধান লক্ষ্য হবে, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করা। এ ছাড়া, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে না পারলে তিনি তাঁর দায়িত্ব ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোসো বলেন, ‘এই দায়িত্ব বিভিন্ন প্রদেশের সরকারেরও রয়েছে এবং আমরা তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসব।’ তিনি বলেন, তাঁর মন্ত্রিসভার সদস্যসংখ্যা হবে ১০-১২ এবং রাজনৈতিক নেতারাও এতে অন্তর্ভুক্ত হতে পারেন। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব.) ফখরুদ্দিন জি ইব্রাহিম তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে খোসোর নাম ঘোষণা করেন।এর আগে আট সদস্যের সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদের জন্য চারজনের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়। ওই চারজনের তালিকায় ছিলেন ইসরাত হুসেইন, বিচারপতি (অব.) নাসির আসলাম জাহিদ, রসুল বখস পালিজো ও মির হাজার খান খোসো। গতকাল নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই তালিকা থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে খোসোর নাম চূড়ান্ত করেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে সদ্য ক্ষমতা ছেড়ে দেওয়া পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএএমএল-এন) চারজন করে সদস্য নিয়ে আট সদস্যের সংসদীয় কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন দিনেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এ দায়িত্ব চলে যায় নির্বাচন কমিশনের হাতে।