পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ
দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার দেশটির কয়েকটি টেলিভিশন চ্যানেলের খবরের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজা পারভেজের সঙ্গে আরও ১৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে পানি ও বিদ্যুত্মন্ত্রী হিসেব দায়িত্ব পালনকালে তিনি বিদ্যুত্ উত্পাদন প্রকল্প অনুমোদনের জন্য ঘুষ নিয়েছিলেন। অন্য ১৬ জনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। রাজধানী ইসলামাবাদে যখন প্রভাবশালী ধর্মীয় নেতা তাহির-উল কাদরির নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলছে, এ সময় আকস্মিকভাবে সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিলেন। কাদির আজ সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান। অন্যদিকে তাঁর সমর্থকেরা কেন্দ্রীয় পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টের সামনে গুলিরোধী কাচের পেছনে দাঁড়িয়ে উর্দু ও ইংরেজিতে দেওয়া ভাষণে কাদরি সেনাবাহিনী ও বিচারব্যবস্থার প্রশংসা করে ভাষণ দেন। তিনি বলেন, ‘সরকার শেষ হয়ে গেছে। তারা আমাদের সশস্ত্র বাহিনীকেও শেষ করে দিয়েছে। এই বাহিনী যারা খুবই আন্তরিক, দক্ষ এবং পেশাদারির সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করত, আজ তাদের শেষ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক সরকারের কারণে তারা কিছু করতে পারছে না। আমাদের স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও সরকার তা বাস্তবায়নে প্রস্তুত নয়।’কাদরির একজন মুখপাত্র জানান, সরকার যতক্ষণ না আইনসভাকে অকার্যকর করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ অবস্থান চলবে।অন্যদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ‘আমরা কাদরির দাবি মেনে নেব না। তাঁর দাবি অসাংবিধানিক।’ইসলামাবাদে কাদরির নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভ মিছিলে আজ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। পার্লামেন্টের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ দেখা দিলে পুলিশ এ ব্যবস্থা নেয়।কাদরি নির্বাচনী সংস্কারের দাবিতে গত রোববার হাজারো সমর্থক নিয়ে লংমার্চ করে গতকাল সোমবার ইসলামাবাদে পৌঁছান।এই সুন্নি নেতা বলেন. তাঁদের দাবি মার্চের মাঝামাঝি সময় পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাবাহিনী ও বিচার বিভাগ মিলে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুক। এ ছাড়া মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে যাতে দুর্নীতিবাজ বা অপরাধীরা প্রার্থী হতে না পারেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। সরকারের অভিযোগ, মে মাসের নির্বাচন স্থগিত করতে কাদরি বিক্ষোভে নেমেছেন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় ধর্মীয় নেতা তাহির-উল কাদরি কয়েক বছর টরন্টোতে কাটানোর পর গত মাসে দেশে ফেরেন। তিনি ক্ষমতাসীন পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য বলে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, দেশে যতক্ষণ সংস্কার না হবে, ততক্ষণ নির্বাচন হতে দেওয়া হবে না।