পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি বেঞ্চে গতকাল ওই দুর্নীতির মামলার শুনানি হয়। পরে প্রধানমন্ত্রী পারভেজ আশরাফসহ মামলার আরও ১৫ জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধানমন্ত্রী পারভেজ আশরাফের উপদেষ্টা ফাওয়াদ চৌধুরী আদালতের এই নির্দেশের নিন্দা জানিয়ে একে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন।সুপ্রিম কোর্ট গতকাল এমন সময় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন, যখন পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে কানাডাপ্রবাসী পাকিস্তানি ধর্মীয় নেতা তাহির উল-কাদরির নেতৃত্বে রাজধানী ইসলামাবাদমুখী হাজার হাজার মানুষের লংমার্চ চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলায় পারভেজ আশরাফের বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমতি পাওয়া নয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ওই নয়টি প্রতিষ্ঠান বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছ থেকে অগ্রিম দুই হাজার ২০০ কোটি রুপি নেয়। এর মধ্যে গুটি কয়েক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের চেয়ে অস্বাভাবিক দেরিতে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে। সুপ্রিম কোর্ট গত মার্চে অস্বচ্ছতার দায়ে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সব চুক্তি বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে স্বাক্ষরিত এসব চুক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) প্রতি নির্দেশ দেন। আদালত অবমাননার দায়ে গত জুনে তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পদচ্যুত হলে দায়িত্ব নেন পারভেজ আশরাফ। এএফপি, বিবিসি, ডন ও দ্য নিউজ।