পাকিস্তানের প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলা স্থগিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্তকাজ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটির দুর্নীতি দমনবিষয়ক সংস্থা এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।গতকাল সোমবার সংস্থাটি জানায়, এ মামলার তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার তদন্তকাজ স্থগিত থাকবে। ইসলামাবাদের সরকারি বাসভবন থেকে গত শুক্রবার এনএবির কর্মকর্তা কামরান ফয়সালের (৩৫) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দেশটিতে ভাড়াভিত্তিক বিদ্যুকেন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী আশরাফের বিরুদ্ধে চলতে থাকা মামলার মূল তদন্ত কর্মকর্তা আসগর খানকে সহায়তা করছিলেন ফয়সাল। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ফয়সাল আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। তবে তাঁর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট রাজা আশরাফকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন। ২০১০ সালে পানি ও বিদ্যুত্মন্ত্রী থাকাকালে ভাড়াভিত্তিক একটি বিদ্যুত্ প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ।এনএবির চেয়ারম্যান ফসিহ বুখারি এক বিবৃতিতে বলেন, ‘ফয়সাল কামরানের মৃত্যুর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতি মামলাটি স্থগিত রাখা হবে।’এনএবি আরও জানায়, অন্যান্য তদন্তকারী দলের তদন্তে তারা সন্তুষ্ট হতে না পারলে তাদের নিজেদের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হবে।ইসলামাবাদের জেনারেল হাসপাতালে ফয়সালের ময়নাতদন্ত করা হয়। সেখানকার চিকিত্সক শওকত কায়ানি বলেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে ফয়সাল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত প্রতিবেদন পেতে সাত থেকে ১০ দিনের মতো সময় লাগবে।