পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা কর্তন করে সিনেটে সংবিধান সংশোধনী বিল পাস
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষমতা কর্তন করে ঐতিহাসিক ১৮তম সংবিধান সংশোধনী বিল গতকাল বৃহস্পতিবার দুই-তৃতীয়াংশ ভোটে পাস করেছে সে দেশের সিনেট। এ সংশোধনীর ফলে জারদারির গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে চলে যাবে। পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল অনলাইন জানায়, সংবিধান থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের নামও বাদ দেওয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে। সংশোধিত সংবিধান আজ জারদারির কাছে তাঁর অনুমোদনের জন্য পাঠানো হবে। জারদারির সইয়ের পর এটি আইনে পরিণত হবে। এই আইনে পাকিস্তানে নামেমাত্র প্রেসিডেন্ট থাকবেন; যিনি প্রধানমন্ত্রীর উপদেশক্রমে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগ দেওয়া, সংসদ ভেঙে দেওয়া ও আঞ্চলিক গভর্নরদের নিয়োগ দিতে পারবেন । সংসদে সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া পরিবর্তন করেও একটি সংশোধনী পাস করা হয়। এর ফলে এখন থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি জুডিশিয়াল কমিশন বিচারক নির্বাচিত করবে। তবে চূড়ান্ত অনুমোদন দেবে সাংসদদের দ্বারা গঠিত সংসদীয় কমিটি ও সিনেট। ১৮তম সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার এ ঘটনাকে পাকিস্তানের ইতিহাসে মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। যদিও সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংশোধন হয়েছে তথাপি নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগসহ অন্য কয়েকটি রাজনৈতিক দলের নেতারা সংশোধনীর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তোলেন। এর মধ্যে রয়েছে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশকে খাইবার-পুখতুনখোয়া নামকরণ ও অন্তর্দলীয় নির্বাচন।