পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে বখতাওয়ার ভুট্টো
রাজনীতিতে আসার ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের বন্যাদুর্গত লোকজনকে সহায়তা করতে দেশে পৌঁছেছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কন্যা বখতাওয়ার ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নারী শাখার তথ্যসচিব ও প্রধানমন্ত্রীর সিন্ধু প্রদেশবিষয়ক উপদেষ্টা শর্মিলা ফারুকীর বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।শর্মিলা আরও জানিয়েছেন, বখতাওয়ার ভুট্টো পাকিস্তানে এসে বন্যাদুর্গত মানুষের জন্য পিপিপি কর্তৃক পরিচালিত বিভিন্ন ত্রাণ ও সাহায্য কর্মসূচির তদারকি করবেন। বখতাওয়ার ইতিমধ্যেই পিপিপির কর্মীদের বন্যাদুর্গত মানুষের তালিকা তৈরি এবং তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই বন্যায় বিপুলসংখ্যক নারী ও শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।উল্লেখ্য, সম্প্রতি বন্যাদুর্গত কোটি কোটি মানুষকে অসহায় অবস্থায় ফেলে বখতাওয়ার ভুট্টোর বাবা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ব্রিটেন সফর দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হয়। বার্মিংহামে এই সফরের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিরা জারদারির একটি সমাবেশস্থলে তাঁর দিকে জুতাও ছুড়ে মারে।