পাকিস্তানের বিমানঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বড় বিমানঘাঁটিতে গতকাল বুধবার দিবাগত রাতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। রকেটচালিত গ্রেনেডসহ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জঙ্গিরা। এ সময় কয়েক ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে এক সেনা ও আটজন জঙ্গি নিহত হয়েছে। দেশটির বিমানবাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এ ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন বিমানঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।বিমানবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন তারিক মাহমুদ বলেছেন, দিবাগত রাত দুইটার দিকে পাঞ্জাব প্রদেশের কামরায় অবস্থিত দেশটির মিনহাস বিমানঘাঁটিতে জঙ্গিরা এ হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। যুদ্ধে এক সেনা ও আট জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় বিমানঘাঁটির কমান্ডার মুহাম্মাদ আজিম গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।ওই মুখপাত্র জানান, জঙ্গিরা সেনাদের পোশাক পরে ও শরীরে বিস্ফোরক বেঁধে বিমানঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় কতজন জঙ্গি অংশ নিয়েছে এবং ঘাঁটির ভেতরে এখনো কোনো জঙ্গি আছে কি না, তা পরিষ্কার নয়।পাকিস্তানি তালেবানদের সঙ্গে জড়িত ইসলামি জঙ্গিরা ২০১১ সালের মে মাসে করাচির একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল। ওই হামলায় ১০ সেনা সদস্য নিহত হন।