পাকিস্তানের বিরুদ্ধে ফের গুলি ছোড়ার অভিযোগ
পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আবার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে ভারত। গতকাল শুক্রবার কাশ্মীর উপত্যকার নওগাম সেক্টরে সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারতীয় অবস্থান লক্ষ্য করে পাকিস্তানি সেনারা গুলি ছুড়েছে বলে দাবি করেছে ভারত।বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়, এই গুলি ছোড়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। নাওগাম সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্রের দাবি, গতকাল সকালে কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানি সেনারা ভারতীয় অবস্থান লক্ষ্য করে নির্বিচারের গুলি ছোড়ে। এ সময় ভারতীয় সেনারা পুরোপুরি সংযম দেখিয়েছে। পাল্টা জবাব দেয়নি। ভারত দাবি করেছে, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করেছে পাকিস্তান। এই সুযোগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে ভারতীয় অংশে জঙ্গিদের অনুপ্রবেশ যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।