পাকিস্তানের রাজনীতিতে আসছেন বিলাওয়াল
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মা বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আগামীকাল বৃহস্পতিবার রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেবেন।নাম প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক বিশ্বস্ত ব্যক্তি জানান, সিন্ধু প্রদেশের নাওদেরোর কাছে গারহি খোদা বক্সে অনুষ্ঠেয় বৈঠকের মাধ্যমে বিলাওয়াল সক্রিয় রাজনীতি প্রবেশ করবেন। এ ছাড়া বিলাওয়াল আগামী বছরের সাধারণ নির্বাচনে পিপিপির প্রচারাভিযানে অংশ নেবেন। এ বৈঠকে বিলাওয়াল ও তাঁর বাবা আসিফ আলি জারদারি বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে জারদারি আগামী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। কিন্তু সূত্র জানায়, এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচ বছর পূর্ণ হবে আগামী মার্চে। পিপিপির নেতারা ইঙ্গিত দিয়েছেন, আসছে এপ্রিল বা মে মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। পিপিপির কো-চেয়ারম্যান প্রেসিডেন্ট জারদারি আগামীকাল শুক্রবার নাওদেরোতে পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা আহ্বান করেছেন। ২৫ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিলাওয়াল কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর বিলাওয়ালের ২৫ বছর পূর্ণ হবে।