পাকিস্তানের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ বন্ধে রুল
পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ বন্ধ করতে রুল জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী এক শুনানি শেষে আজ শুক্রবার এই রুল জারি করেন। খবর রয়টার্সের।পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত ফিল্ড এয়ার মার্শাল ১৯৯৬ সালে এ আবেদনটি করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি শেষে প্রধান বিচারপতি সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনীতি থেকে দূরে থাকার আদেশ দেন।রুলে প্রধান বিচারপতি বলেন, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে এই সংস্থাগুলো ভূমিকা রাখতে পারে না। সরকার গঠন বা উত্খাতের ক্ষেত্রেও তারা কোনো সহযোগিতা করতে পারবে না। এমনকি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে এই সংস্থা ভূমিকা রাখতে পারে না।তবে সুপ্রিম কোর্টের এই রায়ে পাকিস্তানের প্রবল প্রভাবশালী সেনাবাহিনীর ক্ষমতা কমবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই রায়ের কারণে সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর মধ্যে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হবে বলে মনে করছেন অনেকেই।১৯৮০ সালের শেষের দিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে একটি রাজনৈতিক সেল গঠনের অভিযোগ উঠেছিল। তারা ওই সময় রাজনীতিবিদদের নির্বাচনের জন্য অর্থ সরবরাহের দায়িত্ব পালন করেছিল।আজকের রুলে বলা হয়, আইএসআই বা এমআই বা তাদের অন্য কোনো সহযোগী সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক সেল থাকলে তা অবিলম্বে ভেঙে দেওয়া হবে।