পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ২৪৮ মিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতির পরিমাণ ২৪৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। টেবিলে উত্থাপিত শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে পাকিস্তানে কৃষিজাত দ্রব্য, রাসায়নিক দ্রব্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য এবং নিটওয়্যার ও ওভেন গার্মেন্টস রপ্তানি করা হয়। অপরদিকে পাকিস্তান থেকে তুলা, খাদ্য, সুতা, কাপড়, প্লাস্টিক সামগ্রী, কাঁচা চামড়া ও চামড়াজাত দ্রব্য এবং খনিজ দ্রব্য আমদানি করা হয়। সরকারি দলের ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকা ও এর আশপাশের এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা তৈরি পোশাকশিল্পকে মুন্সিগঞ্জে সরিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় বেসরকারি উদ্যোগে ‘গার্মেন্টস শিল্প পার্ক’ প্রতিষ্ঠার জন্য ৫৩০ দশমিক ৭৮ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, জানুয়ারি ২০০৯ থেকে মার্চ ২০১৩ পর্যন্ত ২১ লাখ ৪৯ হাজার ৪৬৬ জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন। বিগত জোট সরকারের আমলে এ সংখ্যা ছিল ১০ লাখ ৫০ হাজার। ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হচ্ছে। জোট সরকারের আমলে এ সংখ্যা ছিল ৭৫টি।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, দেশে বাসায় কাজ করা শিশুশ্রমিকদের কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে এ বিষয়ে ২০০৫ সালে ইউনিসেফ পরিচালিত সমীক্ষা অনুযায়ী ছয় থেকে ১৭ বছর বয়সী গৃহ শিশুশ্রমিকের সংখ্যা চার লাখ পাঁচ হাজার ৫০৪ জন। সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, চলতি অর্থবছরে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ অর্জিত হয়েছে। তিন লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে সংগ্রহ করা হয়েছে দুই লাখ ৭৫ হাজার ৫৬৩ মেট্রিক টন।