পাকিস্তানের সঙ্গে বাণিজ্য প্রসারে সম্মত ভারত
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রসারে সম্মত হয়েছে ভারত। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। এ ঘটনায় সরাসরি পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীকে অভিযুক্ত করে প্রতিবেশী দেশটির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে ভারত। তবে শুরু থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে আসছে পাকিস্তান। শান্তি-প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাণিজ্য সম্পর্ক প্রসারে সম্মত হলো ভারত। পণ্য আনা-নেওয়ার জন্য সীমান্তে দ্বিতীয় বাণিজ্য পথ খুলে দেওয়া এবং পাকিস্তানিদের জন্য আরও বেশি ভিসা দেওয়ারও সিদ্ধান্ত হয়।পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী মখদুম আমিন ফাহিমের সঙ্গে বৈঠকের পর ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, পাকিস্তানের বন্যাদুর্গত এলাকাগুলো থেকে ভারতের প্রতি শুল্কমুক্ত বস্ত্র আমদানির ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব নয়াদিল্লি সমর্থন করবে।উল্লেখ্য, এত দিন ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বিরোধিতা করে আসছিল ভারত। এ বৈঠককে ৩৫ বছর পর দুই দেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক উল্লেখ করে মখদুম আমিন ফাহিম বলেন, ‘বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা বেশ খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছি।’ আগামী নভেম্বরে দুই দেশের আবারও বৈঠকে বসার কথা। রয়টার্স।