পাকিস্তানের সহযোগী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন গোলাম আযম
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মাহবুব উদ্দিন আহমদ (বীর বিক্রম) জবানবন্দিতে বলেছেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী শান্তি কমিটি, আল-বদর, রাজাকার বাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে। আর জামায়াতে ইসলামীর মূল নেতা হিসেবে গোলাম আযম তাদের নেতৃত্ব দিয়েছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মাহবুব উদ্দিন আহমদ আজ রোববার এ জবানবন্দি দেন। মুক্তিযুদ্ধকালে তিনি ঝিনাইদহ জেলার সাব ডিভিশনাল পুলিশ অফিসার (বর্তমান এসপি পদমর্যাদা) ছিলেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেয় যে দলটি, তার নেতৃত্বে ছিলেন তিনি।প্রায় দুই ঘণ্টার জবানবন্দিতে মাহবুব উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। কাল তাঁকে জেরা করবে আসামিপক্ষ।