পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ফারুক লেঘারি মারা গেছেন
পাকিস্তানের অষ্টম প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি আর নেই। আজ বুধবার ভোররাতে ইসলামাবাদের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেঘারি বেশ কয়েক বছর ধরে হূদরোগে ভুগছিলেন।মৃত্যুর সময় ফারুক আহমেদ খান লেঘারির বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাতে তাঁকে তাঁর নিজ শহর উত্তর পাঞ্জাবের দেরা গাজী খানে কবর দেওয়া হবে। ফারুক আহমেদ খান লেঘারি ১৯৯৩ সালে পাকিস্তান পিপলস পার্টির মনোনয়নে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ১৯৯৭ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তবে নাটকীয়ভাবে ১৯৯৬ সালে তিনি তত্কালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সরকারকে দুর্নীতি, অপশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ নানা অভিযোগে বরখাস্ত করেন। পরবর্তী সময়ে তিনি নিজেই মিল্লাত নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। ২০০২ সালে তিনি তাঁর দলকে পিএমএল কিউ এর সঙ্গে একীভূত করেন। -ডন ডটকম, ডেইলি টাইমস।