পাকিস্তানের সাবেক ফার্স্টলেডি বেগম নুসরাত ভুট্টো আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক ফার্স্টলেডি বেগম নুসরাত ভুট্টো আর নেই। ৮২ বছর বয়সে তিনি গতকাল রোববার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি আলঝেইমার রোগে ভুগছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মা ও জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী।করাচিতে বেনজিরের বাড়ি বিলওয়াল হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে ডন পত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়, গত শনিবার তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। এই প্রথম ভুট্টো পরিবারের কোনো সদস্য হাসপাতালে মারা গেলেন। লারকানায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।এদিকে নুসরাত ভুট্টোর মৃত্যুতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকার দেশটিতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের এবং আজ সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে। পিপিপি দলীয়ভাবে ৪০ দিনের শোক পালন করবে।নুসরাত ভুট্টো ১৯৭৭, ’৮৮, ’৯০, ’৯৩ ও ’৯৭ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নুসরাতের মরদেহ দেশে নিয়ে আসতে জামাতা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর লন্ডন সফর সংক্ষিপ্ত করে গতকালই দুবাই পৌঁছান। নুসরাত ১০ বছর ধরে দুবাইয়ে বাস করছিলেন।১৯৭৯ সালে জেনারেল জিয়াউল হকের সামরিক শাসনের সময় পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। এর পরপরই নুসরাত দলটির দায়িত্ব নেন। ১৯৮২ সালে তাঁর ক্যানসার ধরা পড়ে। সে সময় তিনি মেয়ে বেনজিরের কাছে দায়িত্ব তুলে দিয়ে লন্ডনে চিকিত্সা করাতে যান। এরপর ১৯৮৪ সালে বেনজির দলের চেয়ারপারসন নির্বাচিত হন।১৯২৯ সালের ২৩ মার্চ তিনি ইরানের এক ব্যবসায়ী পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর জুলফিকার আলী ভুট্টোর দ্বিতীয় স্ত্রী হিসেবে তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।