পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হামলার অভিযোগ
পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন দেশটির সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত আইনজীবী। আজ রোববার বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বেশ কয়েকজনকে গুম করার বিষয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে দায়ের করা কয়েকটি অভিযোগ থেকে সরে আসার জন্য তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন অবসরপ্রাপ্ত ওই আইনজীবী কর্নেল ইনাম-উল-রহিম। পাঁচ বছর ধরে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।রহিম অভিযোগ করেন, তাঁর ১৯ বছর বয়সী ছেলেকে মারধর এবং গতকাল শনিবার রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরের কাছে অস্ত্রধারী কয়েকজন তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি।তবে দেশটির সেনাবাহিনী এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওই আইনজীবীর অভিযোগ, তাঁর ওপর হামলার তিন দিন পর তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়। দুটি ঘটনাই ছিল একই রকম। অপরিচিত কয়েকজন এসে গাড়ি থামিয়ে বিনা উসকানিতে তাঁদের মারধর করে। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।রহিম বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে আমি যে আইনি লড়াই লড়ছি, তা থেকে সরে আসার জন্যই আমার ওপর এ হামলা চালানো হয়েছে। আমি মনে করি, সেনাপ্রধানের নির্দেশেই সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্টরা এ হামলা চালিয়েছে।’পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন এ ঘটনার নিন্দা জানিয়েছে। ৫৭ বছর বয়সী রহিম পাকিস্তান সেনাবাহিনীতে আইনজীবী হিসেবে ২৭ বছর চাকরি করেছেন। পাকিস্তান সেনাবাহিনীতে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রহিম অভিযোগ করেন, গত বছর সামরিক গোয়েন্দা কার্যালয়ে তাঁকে ডেকে নিয়ে এসব মামলা থেকে সরে যেতে বলা হয়। মামলা থেকে সরে না গেলে তাঁর সঙ্গে অনেক কিছুই হতে পারে বলে হুমকি দেওয়া হয়। সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির চাকরির মেয়াদ তিন বছর বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে একটি রিট করেন রহিম। এ বিষয়ে ২২ নভেম্বর শুনানি হওয়ার কথা রয়েছে।