পাকিস্তানের সিনেটের সদস্য পদ ছাড়লেন রেহমান মালিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের স্বরাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা রেহমান মালিক আজ মঙ্গলবার সিনেটের সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। করাচিতে সাংবাদিকদের রেহমান মালিক জানান, গতকাল সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সাংবাদিকদের রেহমান মালিক আরও জানান, তিনি সিনেট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং দলের নেতাকে তা জানিয়েছেন। দল অন্য যে দায়িত্ব দেবে, তা পালনে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। ‘ডন’-এ প্রকাশিত খবরে মালিক সাংবাদিকদের আরও জানান, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্বও ছেড়ে দিতে রাজি। এর কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তানে প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব সংশোধন বিলের সঙ্গে সাধারণ জনগণ আমাকে জড়িয়ে ফেলছে। তারা ভাবছে ব্যক্তিগত সুবিধার জন্য প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব সংশোধন বিলের পক্ষে আমার অবস্থান। যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়ে দিলে জনগণের এই ভুল ধারণা ভেঙে যাবে। আর এরপরে পাকিস্তানের ১২ লাখ প্রবাসীদের স্বার্থে দ্বৈত নাগরিকত্ব বিলের জন্য নির্দ্বিধায় প্রচারণা চালাতে পারবেন বলে মনে করেন রেহমান মালিক। রেহমান মালিক ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করা প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকদের দেখান। তিনি এও বলেন, ভবিষ্যতে বাইরের কোনো দেশের নাগরিকত্ব নেবেন না। রেহমান মালিক আরও জানান, তিনি ব্রিটেনে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। তবে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্দেশে তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকেও পদত্যাগ করেন। মালিক বলেন, সরকার সব সময় বিচার বিভাগ ও আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। সুপ্রিম কোর্টের রায়ের পরে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করতে চেয়েছিলেন বলে জানান মালিক। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট তাঁকে সেটি করতে দেননি।এর আগে গত জুন মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুনানিতে সিনেটের সদস্য পদ থেকে রেহমান মালিককে বরখাস্ত করার নির্দেশ দেন। সে সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদও হারান। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে তাঁকে নিযুক্ত করেন। গত মাসে সুপ্রিম কোর্ট অস্থায়ীভাবে পাকিস্তানের সাংসদ ফারাহনাজ ইস্পাহানিকে বরখাস্ত করেন। তিনি ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের বরখাস্ত করা রাষ্ট্রদূত এবং জারদারির উপদেষ্টার স্ত্রী। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকায় তাঁকে বরখাস্ত করা হয়।