পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সোয়াত উপত্যকায় গতকাল শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি এ এলাকায় তালেবানদের পুনরুত্থানের আশঙ্কা সৃষ্টি করেছে বলে পুলিশ জানায়। এক বছর আগে একটি বড় ধরনের সেনা অভিযান চালিয়ে এই উপত্যকা থেকে তালেবানদের উত্খাত করা হয়।পাকিস্তান বলছে, সোয়াত থেকে শুরু করে বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী যে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে, তা সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুদ্ধরত জঙ্গিদের ভালোভাবেই ঘায়েল করেছে। সোয়াতে গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে সহিংসতার ফলে আশঙ্কা করা হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী যখন উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যান্য এলাকায় তার সাফল্য সংহত করতে ও উদ্বাস্তুদের তাদের বসতভিটায় ফেরত পাঠানোর চেষ্টা করছে, সোয়াতে তখন জঙ্গিরা হয়তো আবার সংগঠিত হচ্ছে।সোয়াতের পুলিশপ্রধান কাজি গুলাম ফারুক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাজধানী ইসলামাবাদ থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত মিঙ্গোরা শহরের সোহরাব খান বাজারের কাছে একটি হোস্টেলের ভেতরে গতকালের হামলাকারী অবস্থান করছিলেন। সরকারি বাহিনী চারপাশ থেকে হোস্টেলটি ঘিরে ফেললে তিনি বোমা ফাটিয়ে নিজেকে উড়িয়ে দেন।কাজি গুলাম ফারুক বলেন, বোমা বিস্ফোরণে হামলাকারী নিজে, তিনজন বেসামরিক ব্যক্তি এবং আরও দুজন জঙ্গি নিহত হন। শেষোক্ত দুজন সরকারি বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ার পর তাদের ওই হোস্টেলে পথ দেখিয়ে নিয়ে আসেন। একই জায়গায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন আরেকজন জঙ্গি।গত বছর সোয়াত অভিযানে অংশ নিয়েছিলেন ৩০ হাজার সেনাসদস্য। তাঁদের সহায়তা করে বিমানবাহিনী। তার আগে প্রায় চার হাজার তালেবান সোয়াতের ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছিল।