পাকিস্তানের ৬০ শতাংশের বেশি আইনপ্রণেতা কর ফাঁকি দেন
পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৬০ শতাংশের বেশি এবং কেন্দ্রীয় আইন পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য গত বছর কোনো কর দেননি। পাকিস্তানের রাজনীতিকদের কর ফাঁকির প্রবণতার ওপর তৈরি প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়। দ্য ডন জানায়, পাকিস্তানের অনুসন্ধানী সাংবাদিক উমর চিমা ‘রিপ্রেজেন্টেশন উইথআউট ট্যাক্সেশান’ শিরোনামের প্রতিবেদনটি তৈরি করেন। আট লাখ ৮২ হাজার ডলার (প্রায় সোয়া সাত লাখ টাকা) বা এর বেশি পরিমাণ সম্পত্তি থাকার পরও যেসব আইনপ্রণেতা স্বল্প বা একেবারেই কর দেন না, তাঁদের নিয়ে প্রতিবেদনটি তৈরি হয়েছে। চিমার এ প্রতিবেদনটি পাকিস্তানের ‘সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব ব্যুরো ও আইনপ্রণেতাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ‘কর ফাঁকির এ সমস্যা রাষ্ট্রের উচ্চপর্যায় থেকে শুরু হয়েছে। যাঁরা সরকার পরিচালনা করেন, রাজস্বনীতি তৈরি ও কর সংগ্রহ করেন, তাঁরাই অন্য রাজনীতিকদের জন্য ভালো উদাহরণ সৃষ্টি করেননি।’এ গবেষণায় দেখা যায়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ২০১১ সালে কোনো আয়কর জমা দেননি। এ ছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার ৩৪ জন সদস্যও আয়কর জমা দেননি। একজন কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য পাওয়া যায়নি।এ ছাড়া, মন্ত্রিসভার ২০ জন করদাতা খুব স্বল্প পরিমাণ কর দেন। প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার এঁদের অন্যতম। প্রতিবেদনের তথ্যমতে, ২০১১ সালে পার্লামেন্টের উভয় কক্ষের ২৮ শতাংশ সদস্য কর দিলেও প্রায় ৬৭ শতাংশ আইনপ্রণেতা কর দেননি। তবে ৫ শতাংশ আইনপ্রণেতার তথ্য যাচাইবাছাই করা সম্ভব হয়নি। পার্লামেন্টের ৭৮ জন সদস্য এখনো কর শনাক্তকরণ নম্বর নেননি।চিমার প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান পিপলস পার্টি ২০০৮ সালে ক্ষমতায় আসার পর এ বছর কর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এর আগে ২০১০ সালে তত্কালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যই কর দেননি।এ বিষয়ে বিরোধী দল ‘পাকিস্তানি মুসলিম লীগ-এন’-এর মুখপাত্র মুসাহিদুল্লাহ খান বলেন, ‘আমরা দলীয় নেতাদের সময়মতো কর পরিশোধের নির্দেশনা দিয়েছি। চাইলেই একজন ব্যক্তিকে এ বিষয়ে জোর করা যায় না।’ তিনি আরও বলেন, মুসলিম লীগ ক্ষমতায় এলে দেশের রাজস্ব-ব্যবস্থার আমূল সংস্কার করবে।