পাকুন্দিয়ায় আওয়ামী লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিনকে (৫২) খুন করে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি গাছে লাশ ঝুলিয়ে রেখে গেছে সন্ত্রাসীরা।আজ বুধবার দুপুরে পাটুয়াভাঙ্গা চকদিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল করিমগঞ্জ উপজেলা যুবলীগের নেতার লাশ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খুন হলেন আওয়ামী লীগের এই নেতা। এ কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামে নিজের ঘরে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সাহাবউদ্দিন। গভীর রাতে গরমে ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বাইরে আসেন।এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা চকদিয়া এলাকায় সিংগুদ নদীর দক্ষিণ পাশে কবরস্থানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সাহাবউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। সাহাবউদ্দিনের স্ত্রী ও পরিবারের লোকজনের ধারণা, গভীর রাতে কে বা কারা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। পরে নিজের গায়ের জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাহাবউদ্দিনের বাঁ পায়ের হাঁটুর পেছন দিকে জখমের চিহ্ন রয়েছে। তা ছাড়া শরীরেরও একাধিক আঘাতের দাগ রয়েছে। নিহতের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।