পাকড়া ঝাড়ফিদ্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি নদীপথে দীর্ঘ এক যাত্রা। দুই কূল ছাপানো নলবন ও সবুজ পাহাড়ের উঁচু থেকে নেমে আসা ডালপালা, লতা-পাতা, শিকড়—এসব দেখতে দেখতে নৌকায় করে পথ চলছি। মাথার ওপর শরতের নীল আকাশ। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন। বিলাইছড়ি থেকে রাইংখিয়ং নদী হয়ে ছয় ঘণ্টার পথ। পাহাড়ের ভেতর থেকে আসা পাখির ডাকগুলো অচেনা লাগল।সন্ধ্যা নামল। তাই যাত্রাবিরতি। নৌকায় রাত কাটিয়ে ভোরে আবার ফারুয়ার পথে যাত্রা। সকালে একটি পাখির সুমিষ্ট গলা শোনা গেল বহুদূর থেকে। সুর শুনে শুনেই এগোচ্ছি হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে। কিন্তু কোথায় সে? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাহাড়ের পাদদেশে একটি ঝোপের কাছে তাকে পাওয়া গেল। কালো ও সাদা পালকের পাখি। অনবরত ডেকে চলছে। আমাকে দেখে তেমন ভয়-টয় পেল না। মনে হলো, এ জনপদে মানুষের চেহারা ওরা কমই দেখে, তাই ভয়টাও একটু কম। সুমিষ্ট সুরে ডেকে যাওয়া এই পাখির নাম পাকড়া ঝাড়ফিদ্দা (Pied Bush Chat)। এটি বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি। শুধু চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড় ও পাহাড়ি সমতলে এবং পাহাড়ি নদীর কিনারের নলবনে এ পাখির বসবাস। সাধারণত উঁচু ঘাসবন, বিচ্ছিন্ন ঝোপসহ খোলা মাঠ, পাহাড়ের পাদদেশ, জলের ধারের আবাদি জমিতে এ পাখি বিচরণ করে। একাকী থাকে বেশি সময়। পুরুষ পাখিটি যখন একাকী বসে থাকে, কিছুক্ষণ বিরতি দিয়ে একটানা অনেকক্ষণ ডাকাডাকি করে কিছুটা ভারাক্রান্ত মনে। মনে হয়, সঙ্গীকে কাছে পেতে ব্যাকুল পাখিটি! ডাকের ধরন চ্যাপ-চ্যাপ-ট্রিউয়ি। তবে প্রজনন মৌসুমে ডাকে হুয়িট-হুয়িট-টিটি-হুয়ি..টিয়্যার-টিউহু সুরে। এটি পোকাশিকারি ছোট পাখি। দেহের দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার, ওজন ১৫ গ্রাম। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে অভিন্ন। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির দেহ কালো বর্ণের পালকে আবৃত থাকে। ডানার প্রান্ত, পেট ও কোমরের পালক সাদা বর্ণের। স্ত্রী পাখির পিঠের দিকটা কালচে বাদামি, দেহের নিচের দিক লালচে বাদামি। ডানার প্রান্তদেশ পীতাভ। কোমর উজ্জ্বল লালচে-কমলা পালকে আবৃত। লেজ কালো ও গলা ফিকে। উভয় পাখির চোখ কালচে বাদামি, ঠোঁট কালচে। পা, পায়ের পাতা ও নখর কালো। প্রজননকাল মার্চ-আগস্ট মাসে। ভূমিতে ঘাসের গোছার নিচে, আইলের গর্তে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো ফিকে নীল, সংখ্যায় তিন-পাঁচটি। প্রধানত স্ত্রী পাখি ডিমে তা দেয়, ডিম ফুটে ছানা আসে ১২ থেকে ১৩ দিনে। বাংলাদেশে সাত প্রজাতির ঝাড়ফিদ্দা পাখি পাওয়া যায়, যাদের ভেতর একমাত্র পাকড়া ঝাড়ফিদ্দা আমাদের আবাসিক পাখি। বাকিরা পরিযায়ী ও অনিয়মিত। বাংলাদেশ ছাড়া ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, চীন, তিব্বত, জাপান, রাশিয়ায় এ পাখি দেখা যায়।