প্রজাপতি প্রকৃতির এক নয়নাভিরাম প্রতিনিধি। তার রঙিন পাখা যেন শিল্পীর রংতুলিতে আঁকা নিটোল শিল্পকর্ম। কত বিচিত্র রং, কত বৈচিত্র্যময় নকশা। চোখ ফেরানো যায় না। সেই প্রজাপতি নিয়েই প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেমস রুমে গত বৃহস্পতিবার বিকেলে তিন দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ। সাধারণ মানুষের মধ্যে প্রজাপতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এনভায়রনমেন্টাল বায়োলজি অ্যান্ড বায়োডাইভারসিটি ল্যাবরেটরি (ইবিবিএল) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করেছে।প্রদর্শনীতে সাতটি গোত্রের প্রায় ১৮০টি প্রজাপতি রাখা হয়েছে। মৃত প্রজাপতিগুলো বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে এখানে প্রদর্শন করা হচ্ছে। কিছু জীবিত প্রজাপতিও রাখা হয়েছে নেটে ঘেরা একটি জায়গায়। রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতির আলোকচিত্র। এ ছাড়া প্রজাপতির জীবনপ্রণালীর নানা দিক, তাদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়, প্রকৃতিতে তাদের ভূমিকা, প্রজাপতি সংগ্রহ-প্রক্রিয়া—এসবও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ বাশারের নেতৃত্বে ২০ জন গবেষক ১১ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রজাপতিগুলো সংগ্রহ করেছেন বলে জানালেন আয়োজকেরা।প্রদর্শনীর প্রতিটি প্রজাপতিই আলাদা। এক বর্ণাঢ্য জগতের বন্ধ দরজা যেন খুলে গেছে এই প্রদর্শনীতে। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল। অনেক বাবা-মা তাঁদের ছোট ছেলেমেয়েদের নিয়ে এসেছিলেন প্রজাপতি দেখাতে। নগরজীবনে শিশুদের ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি দেখার সুযোগ বড়ই সীমিত। ফলে গভীর কৌতূহল আর আনন্দে এসব খুদে দর্শক মুগ্ধ হয়ে দেখেছে প্রজাপতির পাখায় পাখায় রঙের আলপনা। প্রজাপতি নিয়ে বড়দের আগ্রহও কম ছিল না। তাদের এই কৌতূহল মেটাতে নানা প্রশ্নের জবাব দিয়েছেন আয়োজকেরা। জানিয়েছেন প্রজাপতির হালহকিকত নিয়ে বিভিন্ন তথ্য। প্রজাপতি তার বর্ণিল রূপে যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি পরিবেশের তথা জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিল্প-সংস্কৃতিতেও প্রজাপতির অবস্থান উল্লেখযোগ্য। কাব্যে, ছড়ায়, গানে কতই না তার স্তবস্তুতি। হিন্দু পুরাণে প্রজাপতিকে বিয়ের প্রতীক হিসেবে দেখা হয়। প্রজাপতির সৌন্দর্যে মুগ্ধ হলেও তার জীবনযাত্রা সম্পর্কে আমরা উদাসীন। ফলে নানা সমস্যা-সংকটে প্রজাপতির সংখ্যা ক্রমেই কমে আসছে, সংকুচিত হয়ে আসছে বিচরণক্ষেত্র। এসব তথ্য জানাতেই এই প্রদর্শনীর আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ বলেন, কোন জায়গার প্রকৃতি কতটুকু নির্মল, কতটুকু বিশুদ্ধ তা বোঝা যায় প্রজাপতির গতিবিধি দেখে। কিন্তু বর্তমানে বন ধ্বংস ও চাষাবাদে মনোকালচার-পদ্ধতি ব্যবহারের কারণে প্রজাপতি হারিয়ে যাচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহউপাচার্য হারুন অর রশিদ, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান নূরজাহান সরকার প্রমুখ। প্রদর্শনী আজ শনিবারও সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে।