পাখি ও মানুষের সম্প্রীতি
অস্তগামী সূর্যের রক্তিম আভা ডানায় মেখে উড়ে চলেছে ঝাঁকে ঝাঁকে পানকৌড়ি, শালিক ও বক। দিনের ক্লান্তি মোচনে তারা ফিরছে নীড়ে। তাদের কলকাকলিতে মুখর সারা গ্রাম। গ্রামের বাসিন্দারা বিরক্ত করছে না তাদের মোটেই। পাখিরা কিছুটা উপদ্রব করে বটে, তবে তা মেনে নিয়েছে গ্রামবাসী। এর ফলে পাখিরা তাদের মতো আছে, গ্রামের মানুষ আছে নিজেদের মতো করে। পাখি ও মানুষের সম্প্রীতিময় সহাবস্থান এখানে। গ্রামটির নাম কালিশাকুল। যশোরের অভয়নগর উপজেলার নিভৃত গ্রাম কালিশাকুল। এখানে পাখিদের এই নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠেছে পাঁচ-ছয় বছর আগে। পাখিগুলো স্থায়ীভাবে বসবাস করছে। গ্রামের আম, জাম, কাঁঠাল, তেঁতুল ও নারকেলগাছে এবং বাঁশঝাড়ে তারা বাসা বাঁধে, ডিম দেয় ও বাচ্চা ফোটায়। গ্রামবাসী পাখি মারে না। কাউকে মারতেও দেয় না। পাখিগুলো রীতিমতো আগলে রাখে তারা। এ জন্য প্রতিবছর বাড়ছে পাখির সংখ্যা। গ্রামবাসী জানান, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বক, পানকৌড়ি, টিয়া, ঘুঘু, চড়ুই, দোয়েল, শালিক আর টুনটুনির ডাকাডাকিতে মুখরিত হয়ে ওঠে পুরো গ্রাম। রাত যত গভীর হতে থাকে, পাখির ডাকাডাকিও কমে আসে। আবার তারা সরব হয়ে ওঠে ভোরে। দল বেঁধে বেরিয়ে পড়ে খাদ্যের সন্ধানে। দিনভর আশপাশের নদী-খাল-বিলে ঘুরে খেয়েদেয়ে সন্ধ্যায় ফিরে আসে নীড়ে। গ্রামের যুবক অজয় রায় বলেন, ‘সারা বছরই পাখিরা থাকে। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি পাখি থাকে। এ সময় কিছু অতিথি পাখিও আসে। শীতের শেষে কিছু পানকৌড়ি অন্যত্র চলে যায়। অন্য পাখিগুলো ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়।’ কৃষক নিমাই কৃষ্ণ রায়ের অনুমান, ‘সব মিলিয়ে কয়েক হাজার পাখি হবে। ওরা আমাদের আশ্রয়ে থাকে। ওদের গায়ে আমরা একটু আঁচড়ও লাগতে দিই না।’ এ গ্রামের বাসিন্দা দীপ্তেশ রায় পুলিশের একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘এখানে পাখি মারা সম্পূর্ণ নিষিদ্ধ। একবার এক পুলিশ অফিসার এসেছিলেন পাখি মারতে। আমরা তাঁকে ফিরিয়ে দিয়েছি। আরেকবার পার্শ্ববর্তী গ্রাম থেকে কয়েকজন যুবক এয়ারগান নিয়ে এসেছিল পাখি মারতে। গ্রামবাসী তাদের এয়ারগান কেড়ে রেখেছিল। এ নিয়ে অনেক দেনদরবার হয়েছে। কিন্তু আমরা পাখি মারতে দিইনি। পাখিশিকারিদের সঙ্গে আমাদের কোনো রকম আপস নেই। এমনকি এই গ্রামের এক পাখি ব্যবসায়ীকে গ্রামবাসী আটক করে থানায় সোপর্দ করেন। এসব ঘটনায় এখন আর কেউ এখানে পাখিদের বিরক্ত করতে সাহস পায় না।’গৃহবধূ মিনতি মণ্ডল বলেন, ‘পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন ঘুম ভাঙে। ওরা আমাদের পরিবারের সদস্যদের মতো হয়ে গেছে।’অভয়নগর উপজেলা পশুসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত বলেন, ‘পাখিরা সাধারণত যেখানে নিরাপদ মনে করে, সেখানেই আশ্রয় নেয়, বাসা বাঁধে, ডিম দেয় ও বাচ্চা ফোটায়। কালিশাকুল গ্রামের মানুষ বিরক্ত করছে না বলেই ওরা বছরের পর বছর ধরে গ্রামটিতে অবস্থান করছে। এতে করে দেশীয় প্রজাতির পাখিদের বংশ বিস্তারের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে।’অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘আমি সম্প্রতি গ্রামটি ঘুরে এসেছি। দেশীয় প্রজাতির অসংখ্য পাখি আছে সেখানে। পাখি সংরক্ষণে প্রয়োজনে প্রাশাসনের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেওয়া হয়েছে।’