পাখির কলরবে বিল বাইক্কা
‘ওই যে, ওই যে দেখেন বেগুনি কালেম। আর ওই পাশে দেখেন পানকৌড়ির দল। সামনে জার্মানির (কচুরিপানা) দিকে চাইয়া দেখেন, অতিথি পাখি রাজসরালি, ল্যাঞ্জা, ভুতিহাঁস...’— নৌকায় চড়ে ‘বাইক্কা বিল অভয়াশ্রম’-এ ঘুরতে ঘুরতে এভাবেই হাজারো পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিলের দুই রক্ষক আদর উদ্দিন ও মতিন মিয়া। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ‘বাইক্কা বিল অভয়াশ্রম’ এখন হাজারো পাখির কলতানে মুখরিত। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিলে আসতে শুরু করেছে অতিথি পাখির ঝাঁক। এরা বিলের স্থায়ী বাসিন্দা পানকৌড়ি, বেগুনি কালেমের সঙ্গে যোগ দিয়ে মাতিয়ে রাখছে চারপাশ।বিলের রক্ষক আদর উদ্দিন জানান, অতিথি পাখি মধ্য জানুয়ারি পর্যন্ত আসতেই থাকবে। শুধু বাইক্কা বিলেই এখন অন্তত ১০ হাজার পাখি রয়েছে। সারা হাইল হাওরে এ সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যাবে।হাওর পারের বরুণা গ্রামের বাসিন্দা মো. রইস উল্ল্যাহ, আনকার মিয়া ও মো. সিরাজ উদ্দিন জানান, বাইক্কা বিলে পাখির সংখ্যা প্রতিবছরই বাড়ছে। গত বছরের চেয়ে এ বছর বেশি পাখি এসেছে। এ বিলে শিকারির উত্পাত নেই। তাই পাখির আনাগোনা বাড়ছে। তবে হাওরের অন্যান্য বিলে এবারও পাখি শিকারের ঘটনা ঘটেছে। হাইল হাওরের জীববৈচিত্র্য রক্ষার কাজে গঠিত সমন্বিত সংরক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, প্রতিবছরই হাইল হাওরের বাইক্কা বিলে পাখির সংখ্যা বাড়ছে। কিছু পাখি আছে, যেগুলো সারা বছর এখানেই থাকে। গত ছয় বছরে হাওরে ১২৬ প্রজাতির পাখির দেখা মিলেছে।’নাম প্রকাশ না করার শর্তে আইপ্যাকের এক কর্মকর্তা বলেন, বাইক্কা বিল ছাড়া হাইল হাওরের অন্য অংশে এখনো বিষটোপ, জাল এমনকি বন্দুক দিয়েও পাখি শিকার চলছে। শ্রীমঙ্গল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, হাওরে পাখি শিকারের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।