পাখির নাম পানিখেনি
বাংলাদেশ সীমানায় ক্রেক ও রেইল প্রজাতির যে কয়েক রকম পাখির দেখা মেলে, তার সবগুলোরই সাক্ষাৎ পাওয়া যায় ফকিরহাটের (বাগেরহাট) বিখ্যাত উত্তরের হাওরে। গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে আমি ওই হাওরে গিয়ে ছয় রকম ক্রেক-রেইল দেখতে পাই। এর মধ্যে একসঙ্গে যে পাঁচটি রেইলের দেখা পাই বিল কেন্দুয়ায়, সেটির স্থানীয় নাম ‘পানিখেনি’ বা ‘জলখেনি’। অঞ্চলভেদে ‘বড়খেনি’ নামেও পরিচিত। ইংরেজি নাম Water Rail। বৈজ্ঞানিক নাম Rullus Aquaticus। মাপ ২৩ থেকে ২৮ সেন্টিমিটার। পেশাদার পাখিশিকারিরা এটিকে ‘হালতি’ও বলে থাকে।কণ্ঠস্বর ‘ক্রিক ক্রিক’ ধরনের। অতি চতুর পাখি। রেগে গেলে বা উত্তেজিত হলে এরা অনেকটা পেঙ্গুইন পাখির মতো খাড়া হয়ে দাঁড়ায়, ঠোঁট থাকে আকাশমুখো—এভাবে দৌড়াতেও পারে ভালো। বিপদের গন্ধ পেলে ওভাবে স্থির হয়ে দাঁড়িয়ে দ্রুত চারপাশে চোখ বুলিয়ে শত্রুকে দেখে নেয়। চঞ্চল সতর্ক পাখি। ভালো সাঁতরাতে পারে। ডুব দিতেও ওস্তাদ। না পারতে ওড়ে না, তবে উড়তে পারে ভালোই। অল্প পানির ভেতর দিয়ে দ্রুত দৌড়াতে যেমন পারে, তেমনি হাঁটতেও পারে দ্রুতবেগে।এদের প্রিয় বাসস্থল নলখাগড়া, হাজিবন, কেনিহোগলা, হোগলাবন, আখঘাস—এসব ঝোপজঙ্গল। জল-কাদাময় জায়গা হলো প্রিয় বিচরণক্ষেত্র। খাদ্যের তালিকায় আছে বিভিন্ন রকম জলপোকা-পতঙ্গ, শস্যবীজ, গুগলি, ছোট মাছ ইত্যাদি। জলজ সুতোপোকা, কচড়াপোকা এদের কাছে অতি লোভনীয় খাদ্য। বড়শিতে এই পোকা গেঁথে শাপলাপাতার ওপর ফেলে রাখলে এরা বড়শি গেলে। বড়শিতে পাখি!এদের ঠোঁট ও লেজটি অপেক্ষাকৃত লম্বা। পিঠ, ডানার উপরিভাগ, মাথার চাঁদি, ঘাড়-গলা বাদামি। তার ওপরে কালো কালো ছোপ। ঠোঁটের উপরিভাগ কালচে, বাকি অংশ হালকা লাল। চোখ কালো। গাল ধূসর। ঘাড় হয়ে চোখের ওপর দিয়ে ঠোঁটের গোড়া পর্যন্ত ধূসর চওড়া একটা টান আছে। চোখের নিচের দিকে কালচে-বাদামি, যেন কাজল টানা। পা হালকা হলুদ। গলা-বুক স্লেটধূসর। পেটের দুপাশে চমৎকার সাদা রঙের রেখা টানা আছে। ওজন হয় ৪০-৬০ গ্রাম পর্যন্ত।উত্তরের হাওরে প্রতিবছর শত শত বিভিন্ন প্রজাতির ক্রেক-রেইল নানা ধরনের জাল-ফাঁদে বন্দী করে পেশাদার পাখিশিকারিরা। তবে আশার কথা, ইদানীং এই প্রবণতা কমে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সচেতন জনগণের প্রচেষ্টায়।