পাখির নিরাপদ আশ্রয়ে বিদ্যুতের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বটগাছটির নিচে দাঁড়ালেই ছোট ছোট পাখির কিচিরমিচিরে উচ্ছল হয়ে ওঠে মন। গাছটির ডালে ডালে নাচানাচি-হুটোপুটি করে নানা জাতের পাখি। বাসা বেঁধে ছানাও ফোটায়। ওদের এই নিরাপদ আশ্রয়ে মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে উচ্চক্ষমতার বিদ্যুত্প্রবাহের বৈদ্যুতিক তার। এতে একদিকে যেমন পাখির জীবন বিপন্ন হচ্ছে, তেমনি আয়ুও কমছে বিশাল বটগাছটির।শেরপুর সদর উপজেলার নওহাটা এলাকার খোয়ারপাড়ে ঢুকলেই চোখে পড়ে বটগাছটি। পাখিপ্রেমী এলাকাবাসীর অভিযোগ, বটগাছটি ছোট ছোট পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। এখন এতে বাদ সেধেছে শেরপুর-জামালপুর ১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের তার। বিদ্যুতের লাইন নিরাপদ রাখতে প্রায়ই গাছটির ডালপালা ছেঁটে ফেলা হয়। এতে পাখির বাসা ভেঙে ডিম নষ্ট হয়, ছানাগুলো মারা পড়ে। আর দিগভ্রান্ত হয়ে ছুটোছুটি করে পাখি।এলাকাবাসীর ভাষ্য, বটগাছটি অনেক পুরোনো। গাছটির কাছেই রয়েছে দুটি বৈদ্যুতিক খুঁটি। দুটি খুঁটিতেই বিদ্যুতের তার বাঁধা। তাদের দাবি, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবি) খুঁটি দুটি সরিয়ে নিলে পাখিগুলো নিরাপদ রাখা সম্ভব। পরিবেশবাদী সংগঠনের দাবি, উচ্চক্ষমতাসম্পন্ন তার থাকায় পুরোনো বটগাছটির আয়ু কমে আসছে। খোয়ারপাড় মোড়ের বটগাছের কাছে হোটেলের মালিক ও স্থানীয় বাসিন্দা মো. আবুল কাশেম (৫০) বলেন, ‘বটগাছটি অনেক পুরোনো। গাছটিতে অনেক বাবুই ও চড়ুইয়ের আনাগোনা। বৈদ্যুতিক খুঁটি দুটি সামান্য সরিয়ে নিলেই এসব পাখির জন্য নিরাপদ।’ শেরপুরের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বটগাছের ভেতর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার টানায় গাছটির আয়ু কমে আসছে। একই সঙ্গে দেশি প্রজাতির পাখি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, বৈদ্যুতিক খুঁটি দুটি সরালে বটগাছটি যেমন রক্ষা পাবে, তেমনি ওই গাছে বসবাসরত পাখিও নিরাপদে থাকতে পারবে। পাশাপাশি এটি পাখির জন্য অভয়াশ্রমে পরিণত হবে। মুগনিউর রহমান বলেন, মানুষের যেমন নিরাপদ বসবাসের অধিকার আছে, তেমনি পাখিরও নিরাপদ আশ্রয়ের প্রয়োজন রয়েছে। বিষয়টি তিনি বিউবোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন। শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ হাছান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল শনিবার তিনি গাছটি দেখেছেন। বৈদ্যুতিক খুঁটি সরানোর বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।