পাগলায় মাদকবিরোধী অভিযান, গুলিতে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় গতকাল মঙ্গলবার রাতে র্যাবের মাদকবিরোধী অভিযান চলার সময় গুলিতে শুভ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই সময় গুলিবিদ্ধ হয়েছে তার আপন ছোট ভাই সোহাগ (৯) এবং স্থানীয় আরেক স্কুলছাত্র বাদল (১৪)। রাত পৌনে নয়টার দিকে বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুভ ও সোহাগ বউবাজার এলাকার নাসিরউদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া গাড়িচালক আবু সাঈদের ছেলে। শুভ ও বাদল পাগলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সোহাগ পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বাদলের বাবা-মায়ের পরিচয় জানা যায়নি।নিহত শুভর খালা মায়া বেগম (৩৫) শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের জানান, শুভ ও সোহাগ তাদের মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাসার পাশের একটি হোটেল থেকে ডালপুরি কিনে বাসায় ফিরছিল। হঠাৎ তারা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ শুভকে অচেতন অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সোহাগকে নিয়ে তার মা ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে রওনা হয়ে যান। বাদলকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে মায়া বেগম নিশ্চিত নন বলে জানান।এদিকে, র্যাব-১০-এর কর্মকর্তা ক্যাপ্টেন নাজমুল প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে তাঁরা ক্রেতা সেজে বউবাজার এলাকায় রাত পৌনে নয়টায় অভিযান চালান। দুটি মোটরসাইকেলে চড়ে সাদা পোশাকে তাঁরা পাঁচজন অভিযানে যান। তাঁরা ক্রেতা সেজে ইয়াবা বড়ি কেনার সময় কয়েকজন মাদক ব্যবসায়ী তাঁদের পরিচয় সম্পর্কে টের পায়। তিনি বলেন, এ সময় ১৫-২০ জন সন্ত্রাসী র্যাব সদস্য সার্জেন্ট শফিক ও ল্যান্স করপোরাল জাকির হোসেনের ওপর হামলা চালায় এবং তাঁদের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জাকির হোসেনের হাতে তারা ছুরিকাঘাতও করে। এ সময় র্যাবের একজন সদস্য একটি গুলি করেন। র্যাবের অন্য সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় হূদয় ও সাইফুল নামের দুজনকে আটক করা হয়। তিনি দাবি করেন, হূদয় ও সাইফুল মাদক ব্যবসায়ী। ক্যাপ্টেন নাজমুল বলেন, ‘এই ঘটনায় কেউ হতাহত হয়েছিল কি না, আমরা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। কীভাবে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম গুলিতে এক স্কুলছাত্র নিহত এবং অন্য দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এসপি শেখ নাজমুল আলম জানান, কীভাবে ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি।রাত সাড়ে ১১টায় এ সংবাদ লেখা পর্যন্ত শুভর লাশ শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ছিল।