পাগলের পাল্লায় পুলিশ!
এক মুড়ি বিক্রেতাকে পেটাচ্ছেন মানসিকভাবে অসুস্থ (পাগল) এক ব্যক্তি। আর তা দেখে এগিয়ে যান পুলিশের কয়েকজন সদস্য। এরপর মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তি মুড়ি বিক্রেতাকে ছেড়ে হামলা করেন তাঁদের ওপর। এতে আহত হন পুলিশের দুজন সদস্য। ধাস্তাধস্তি ও টানাহেঁচড়ায় আহত হন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিটিও। তাঁকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর শুরু হয় আরেক বিপত্তি। থুতু দেওয়া এবং গালাগাল করতে থাকেন ওই ব্যক্তি। তাঁর তোপের মুখে কাছে ঘেঁষতে ভয় পান অনেকে। হাসপাতালে নেওয়ার পর মানসিকভাবে অসুস্থ ব্যক্তিটি গোঁ ধরে বসে থাকেন। পরে প্রাথমিক চিকিত্সা শেষে পুলিশের আরও কয়েকজন সদস্য গিয়ে তাঁকে বের করে থানায় নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বেলা আড়াইটার দিকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সামনে এক মুড়ি বিক্রেতাকে পেটাচ্ছিলেন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিটি। এ সময় সেখানে অবস্থানরত ঢাকা মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানসহ পুলিশের কয়েকজন সদস্য মুড়ি বিক্রেতাকে বাঁচাতে যান। মানসিকভাবে অসুস্থ ব্যক্তির হাতে থাকা একটি চাকু দিয়ে কামরুলকে আঘাত করেন। এতে তাঁর বৃদ্ধাঙ্গুল কেটে যায়। পুলিশের অন্য সদস্যরা ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে তিনি চাকু ও খুনতি এলোপাতাড়ি ঘোরাতে থাকেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে।পরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একদল সদস্য সেখানে যান। তাঁরা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে শাহবাগ থানার কনস্টেবল আবদুল কুদ্দুস তাঁকে ধরে ফেলেন। কিন্তু তাঁকেও ছাড়েননি তিনি। কুদ্দুসের ডান পায়ের ঊরুতে কামড় দিয়ে ধরে রাখেন তিনি। কুদ্দুসকে ছাড়াতে ছাড়াতেই পুলিশের অন্য সদস্যরা অসুস্থ ব্যক্তিকে জাপটে ধরে হাতকড়া পরান। এরপর তাঁকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দেন তাঁরা।হাসপাতালে নেওয়ার সময় মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তির মাথা থেকে রক্ত ঝরছিল। হাসপাতালে সাংবাদিকেরা নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার নাম সোহেল-জুয়েল’। মাথায় রক্ত কেন জানতে চাইলে তিনি গালাগাল করে বলেন, ‘দারোগা মারছে। হ্যান্ডক্যাপ খুইলা দিলে তারে দেখাইয়া দিতাম।’ এরপর গালাগাল শুরু করেন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিটি। সেই সঙ্গে থুতু ফেলতে থাকেন। পরে পুলিশের আরও কয়েকজন সদস্য যান হাসপাতালে। চিকিত্সা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আরে ভাই, আর বইলেন না। আইনে তো আর পাগলের বিচার নাই। তাই ছাইড়া দিছি।’