পাচার করা অর্থ কোকোর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফিরিয়ে আনা পাচার করা অর্থ আরাফাত রহমান কোকোর নয় বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। আজ নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।মাহবুবউদ্দিন বলেন, দেশে ফিরিয়ে আনা অর্থ কোকোর বলে দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমে যে তথ্য প্রচার করেছে তা বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। এ তথ্য গণমাধ্যমে প্রচার করে জিয়া পরিবার ও বিএনপিকে ঘায়েল করতে সরকারের যে রাজনৈতিক এজেন্ডা তা দুদক বাস্তবায়ন করেছে। কোকোর পাচার করা অর্থের মধ্যে ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) দেশে ফিরিয়ে এনেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় অর্থ ফেরত আনার পুরো আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর নিয়মানুযায়ী অর্থ এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে।বাংলাদেশে এই প্রথম পাচার করা অর্থ ফেরত আনা হলো। আসার অপেক্ষায় রয়েছে আরও নয় লাখ ৩২ হাজার মার্কিন ডলার।বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশের সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের একটি প্রকল্পের কাজ পেতে জার্মান বহুজাতিক কোম্পানি সিমেন্স এজির স্থানীয় প্রতিষ্ঠান সিমেন্স-বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিবিদদের ঘুষ দেয়। এর মধ্যে কোকোও ছিলেন। ২০০৫ সালে সিঙ্গাপুরে একটি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ লেনদেন হয়েছিল। এই ঘুষের অর্থই ফেরত আনা হয়েছে।আজকের সংবাদ সম্মেলনে কোকোর আইনজীবী আরও বলেন, সিঙ্গাপুরের অ্যাকাউন্টে ওই অর্থ যখন জমা হয়েছিল তখন কোকো কারাগারে ছিলেন। ফলে ওই সময় তাঁর পক্ষে ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ ছিল না। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক জনসভায় তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সরকারের পক্ষ থেকে দুদক চেয়ারম্যান এ-সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য সংবাদ মাধ্যমের কাছে উপস্থাপন করেছেন বলে দাবি করেছেন মাহবুব উদ্দিন।