পাচারসংক্রান্ত আইন কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, নির্বাহী পরিচালকবাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিপ্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক নারী, পুরুষ ও শিশু এ দেশ থেকে পাচার হয়ে গেলেও এ সংক্রান্ত কোনো সঠিক তথ্যচিত্র আমাদের কাছে নেই। শুধু সেই বিষয়গুলোই আমরা জানতে পারছি, যেখানে ভিকটিম উদ্ধার করা হচ্ছে বা যাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে বা যেগুলোর বিষয়ে মামলা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের পাচারবিরোধী মনিটরিং সেলের তথ্যানুযায়ী, ২০০৯ সালে পাচারের মামলা দায়ের হয়েছে ১০০, পাচার হয়েছে ১৩১, পাচার ভিকটিম উদ্ধার হয়েছে ৭৩, অভিযুক্ত পাচারকারীর বা আসামির সংখ্যা ২৯৩, গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা ১২০, ১৯টি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে ৩৩ আসামির, ৪৭ মামলায় খালাস পেয়েছে ১০৮ আসামি।বাংলাদেশ অনেক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র। তবে এসবের কোনোটিই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয় বলে আদালতের মাধ্যমে প্রয়োগযোগ্য নয়। বাংলাদেশ এসব আন্তর্জাতিক আইনের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় আইন প্রণয়ন করেনি বা এসব আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহকে রাষ্ট্রীয় আইনে পরিণত করেনি। যদিও আন্তর্জাতিক আইন-বিশেষজ্ঞ কাজী আখতার হামিদের মতে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৫-এর আলোকে অনুস্বাক্ষরকৃত এসব আইনকে বাধ্যকর বিবেচনা করা যেতে পারে।বাংলাদেশে প্রচলিত কোনো আইনে ‘পাচার’-কে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি । পাচারসংক্রান্ত মামলাসমূহ বর্তমানে প্রধানত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩)’-এর ৫ ও ৬ ধারার অধীনে বিচার করা হয়ে থাকে, এ ছাড়া পাচারসংশ্লিষ্ট বিষয়াবলি বিভিন্ন আইনে অন্তর্ভুক্ত আছে। দণ্ডবিধির ৩৩৯, ৩৪৯, ৩৫০, ৩৫১, ৩৫৯, ৩৬০, ৩৬১, ৩৬২, ৩৬৩, ৩৬৪, ৩৬৪(ক), ৩৬৬(খ), ৩৭০, ৩৭১ ধারা; অনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ আইন, ১৯৩৩ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ পাচার রোধে আইন রয়েছে। কিন্তু বিদ্যমান আইনসমূহে রয়ে গেছে অনেক ত্রুটি। যেমন, পাচারের সুনির্দিষ্ট সংজ্ঞার অনুপস্থিতি, আন্তর্দেশীয় বা অভ্যন্তরীণ পাচারকে পাচার হিসেবে বিবেচনা না করা, নারী ও শিশুবান্ধব ভিকটিম উদ্ধার-প্রক্রিয়ার অনুপস্থিতি, ভিকটিম ও সাক্ষী প্রতিরক্ষা প্রটোকলের অভাব, পাচার মামলায় ক্যামেরা ট্রায়ালের বিধান না থাকা, এক্সট্রাডিশন চুক্তির অভাব, তদন্তের ক্ষেত্রে অন্য দেশের ঘটনাস্থল পরিদর্শনের ব্যবস্থা না থাকা, ভিকটিম ও সাক্ষীদের ঠিকানা শনাক্তকরণ পদ্ধতির অভাব, শ্রম পাচারকে শনাক্তকরণ এবং শাস্তি-প্রতিবিধান-সংক্রান্ত সঠিক বিধানাবলির অভাব, ভিকটিমের প্রত্যাবাসনের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির অভাব প্রভৃতি।গত ৫ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ‘Reviewing Existing Anti-Trafficking Laws of Bangladesh & the way to develop a mechanism of mutual legal assistance’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। ভারত ও বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজীবী, পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। এতে পাচার রোধে কিছু সুপারিশ আসে। যেমন:বিচার-সম্পর্কিত : সার্কভুক্ত দেশসমূহে পাচারবিষয়ক একই আইন করতে হবে। জিডি ও এজাহার দায়েরের বিষয়ে অনলাইন নেটওয়ার্ক স্থাপন, শিশু ও পাচারের সংজ্ঞা সুনির্দিষ্ট করা, ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার প্রচলন ও এ সংক্রান্ত অবকাঠামো তৈরি, ট্রায়ালের সময় প্রয়োজনীয় ব্যক্তিদের শারীরিক উপস্থিতি নিশ্চিত করা, ভিকটিম-বান্ধব প্রসিকিউশন-ব্যবস্থা, ক্যামেরা ট্রায়াল বা রুদ্ধদ্বার বিচারের ব্যবস্থা, প্রচলিত আইনের সংশোধন।তদন্ত-সম্পর্কিত : পৃথক তদন্ত সেল গঠন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা, তদন্তে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা, সাক্ষী ও ভিকটিম প্রটেকশন আইন প্রণয়ন, এজেন্সিসমূহের আইডি কার্ড, তদন্ত পর্যায়ে সাক্ষী ও ভিকটিমের নিরাপত্তার জন্য কর্মকর্তা নিয়োগ, ঘটনাস্থল পরিদর্শনে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুকূলে প্রশাসনিক ও আইনগত সংস্কার, আন্তর্দেশীয় পুলিশ প্রশাসনের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্ক স্থাপন, একই বিষয়ে দুটি ঘটনাস্থল (পিও) থাকলে প্রয়োজনে মামলার পুরো ফাইল স্থানান্তর করা যেতে পারে।উদ্ধার ও পুনর্বাসন-সম্পর্কিত : শিশুকল্যাণ কমিটি করা, সার্ক কনভেনশন অনুযায়ী মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট কার্যকর-বাস্তবায়ন করা, সার্ক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত আইনের সংশোধন, প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় খরচ উৎস দেশ ও যে দেশে ভিকটিম গিয়েছে, সেই দেশ বহন করবে।কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, মানব পাচার প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এ সিদ্ধান্ত আমাদের আশাবাদী করে।আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘জীবন-জীবিকার সন্ধানে মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায়। আইন মেনে যাওয়ার পরও অনিয়ম হয়ে যেতে পারে। যে উদ্দেশ্যে বা কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে দেখা যায়, সে কাজে নিয়োগ না দিয়ে অন্য কাজে নিয়োগ দেওয়া হয়েছে। নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। শিশু পাচার শুরু থেকেই বেআইনি। এদের কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়াও আইন বিরুদ্ধ। পাচারের তদন্ত বহুমাত্রিক হওয়া প্রয়োজন। ট্রাভেলিং ও রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে পাচার সম্পন্ন হওয়া পর্যন্ত সবকিছুই তদন্তের আওতাভুক্ত করতে হবে। অপরাধের রূপ ও কৌশল পাল্টেছে। তাই এর বিচারে নতুন ও যুগোপযোগী আইন প্রয়োজন।’