পাচারের অর্থ কোকোর নয়: মাহবুব উদ্দিন
সিঙ্গাপুরের ফেয়ারহিল কনসালটিং প্রাইভেট লিমিটেডের নামে পাচার করা অর্থ আরাফাত রহমান কোকোর নয় বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফেয়ার হিল কোম্পানির অ্যাকাউন্ট খোলার সময় আরাফাত রহমান কোকো তাঁর পাসপোর্ট দাখিল করেন। তিনি সিঙ্গাপুরে উপস্থিত থেকে অ্যাকাউন্ট করেছেন।’গতকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে রাখা অর্থ বাংলাদেশকে ফেরত দিতে আদেশ দেন সিঙ্গাপুরের একটি অধস্তন আদালত। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্য নিয়ে এ ব্রিফিং করেন খোকন। এ সময় সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা, রাগীব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০০৯ সালের ১৭ মার্চ দুদক কোকোর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। দুদকের মামলার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্যের সামঞ্জস্য নেই, মন্তব্য করে মাহবুব উদ্দিন খোকন বলেন, এজাহারের তথ্য অনুসারে সিঙ্গাপুরের নাগরিক লিম সিও চেং ২০০৫ সালের ১৯ ডিসেম্বর ফেয়ার হিল কনসালটিং প্রাইভেট কোম্পানির নামে একটি ব্যাংক হিসাব খোলেন। তাঁর আবেদনেই ব্যাংক হিসাব খোলা হয়। সেই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে সিঙ্গাপুরে ডলার জমা হয়। এজাহারে বলা আছে, ওই অ্যাকাউন্টে অর্থ জমা দেন মো. হাবিবুর রহমান। এই হাবিবুর রহমানকে কোনো মামলায় আসামি করা হয়নি। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সিঙ্গাপুরের লিম নামের এক ব্যক্তিকে দিয়ে ফেয়ারহিল কোম্পানি খুলে তাঁর নামে ওই টাকা রাখা হয়েছিল। এক-এগারোর পরপরই কোকো লিমকে নির্দেশ দেন টাকাগুলো সরিয়ে লিমের অ্যাকাউন্টে নিতে। লিম সেটা করেছিলেন। কিন্তু লিমের বিরুদ্ধে যখন অভিযোগগুলো এল, তখন লিম আবার টাকাগুলো কোম্পানির ফান্ডে আনতে বাধ্য হন। কোকোর আইনজীবীর বক্তব্য সত্যের অপলাপ বলেও মন্তব্য করেন তিনি। এর আগে কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘কোকো ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। পরে কারাগারে ছিলেন। কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান ২০০৮ সালের ১৭ জুলাই। আর টাকাটা ইউনাইটেড ওভারসিস ব্যাংকে জমা হয়েছে ১৬ নভেম্বর ২০০৭ সালে। কোকো সে সময় বাংলাদেশের কারাগারে ছিলেন। বাংলাদেশের কারাগারে থাকা অবস্থায় কোনো টাকা হস্তান্তরের সুযোগ আছে কি-না, তা আমি সরকারের কাছে জানতে চাই।’ পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, লিমকে দিয়ে কোকো টাকাগুলো কোম্পানি থেকে লিমের অ্যাকাউন্টে নিতে নির্দেশ দিয়েছিলেন। লিম তা করায় সিঙ্গাপুর পুলিশ তাঁকে ধরেছিল। পরে লিম দোষ স্বীকার করে ছয় হাজার ডলার জরিমানা দেন। কোকো ফেয়ার হিল কনসালটিং প্রাইভেট কোম্পানির নামে ২০০৫ সালের নভেম্বরে হিসাব খোলেন। লিমের সঙ্গে আরাফাত রহমানের পরিচয় হয় ২০০৪ সালে। লিম কোকোর নির্দেশে ফেয়ার হিল কনসালটিং প্রাইভেট লি. কোম্পানি গঠন করেন। ব্যাংক হিসাবে ফুল সিগনেটরি করা হয় লিমকে। পরে এই টাকাগুলো দুবাই থেকে আসে ওই অ্যাকাউন্টে। হাবিবুর রহমান নামের ওয়ারিদ টেলিকমের এক কর্মকর্তা টাকাগুলো পাঠান। অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি লিম কোকোর কাছ থেকে টেলিফোন কল পান। সে সময় এই কোম্পানিকে বন্ধ করে দিতে ও টাকাগুলো তাড়াতাড়ি লিমের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিতে নির্দেশ দেন আরাফাত রহমান। পরে ২২ ফেব্রুয়ারি তা সরিয়ে ফেলেন লিম। বিদেশিদের মানি লন্ডারিংয়ে সহায়তা করার জন্য লিমের বিরুদ্ধে অভিযোগ আসে। তখন লিম দোষ স্বীকার করে আদালতে জরিমানাও দেন।