পাচারের সময় দুই কোটি টাকার ফার্নেস তেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিবেশক প্রতিষ্ঠান পদ্মা অয়েলের ডিপো থেকে পাচার হওয়া তিন লাখ ৪০ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই তেলের বর্তমান বাজারদর দুই কোটি টাকার বেশি। গতকাল রোববার রাত ১১টায় নগরের ডবলমুরিং থানাধীন মাঝির ঘাট এলাকা থেকে চোরাই তেল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের সদস্যরা ২৩ জনকে আটক করেছেন।জানা গেছে, সরকার প্রতি লিটার ফার্নেস তেল ১২-১৩ টাকা ভর্তুকি দিয়ে ৬০ টাকা করে বিক্রি করছে। প্রকৃত মূল্যের চেয়ে বাজারদর কম হওয়ায় চোরাই বাজারে এই তেলের কদর বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘তিন দিন ধরে আমরা পদ্মা অয়েলের ডিপোর ওপর নজরদারি করছিলাম। গতকাল রোববার রাতে অনেক ভাউজারে তেল ভরে পাচারকারীরা গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। পদ্মা অয়েলের নিবন্ধন বইয়ে গন্তব্য লেখা ছিল স্টিল মিল। কিন্তু স্টিল মিলের পরিবর্তে তেলের ভাউজারগুলো মাঝির ঘাটের দিকে চলে যায়। ভাউজারগুলোকে আমরা অনুসরণ করে মাঝির ঘাটে জব্দ করি।’ভাউজারের চালক শের আলী সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ডের বারো আউলিয়া এলাকার একটি শিপইয়ার্ড থেকে এই ফার্নেস তেল আনা হয়। সাংবাদিকদের কাছে একই দাবি করেছেন মাঝির ঘাটের জাহাজের কর্মচারী আবদুর রশিদ। তাঁর দাবি, সীতাকুণ্ডের বিভিন্ন শিপইয়ার্ড থেকে ফার্নেস তেল সংগ্রহ করে মাঝির ঘাটে আনা হয়েছে। সেখান থেকে দেশের বিভিন্ন ইটভাটায় তা সরবরাহ করার কথা ছিল।মেজর রাকীবুল ভাউজারচালক শের আলী ও রশিদের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘রোববারের রাতের পাচারের সঙ্গে পদ্মার কিছু লোক জড়িত থাকতে পারে। কারণ যে তেল আমরা জব্দ করেছি, তা পদ্মার ডিপো থেকে পাচার হয়েছে, যার নিবন্ধন বই, চালানের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র আমরা সংগ্রহ করেছি। পাচারে জড়িত পদ্মার লোকজনকে চিহ্নিত এবং ধরতে আমাদের তদন্ত চলছে।’খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিদ্যুেকন্দ্র, সব ধরনের শিল্প-কারখানা এবং পানির জাহাজের জ্বালানি হিসেবে ফার্নেস তেল ব্যবহার হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা সারা দেশে ফার্নেস তেলের পরিবেশক।র‌্যাব সূত্র জানায়, চোরাই ফার্নেস তেল মাঝির ঘাটে অপেক্ষমাণ তেলের ট্যাংকারে ভরে দেওয়া হতো। সেখান থেকে বিদেশি জাহাজে বিক্রি করে দিয়ে মোটা অঙ্কের আয় করে আসছিলেন পাচারকারীরা। এতে সরকারের ভর্তুকির কোটি কোটি টাকা পাচারকারীদের পকেটে চলে যেত।চট্টগ্রামের একজন ফার্নেস তেল-বিক্রেতা নাম প্রকাশ না করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বছরের পর বছর ধরে ফার্নেস তেল চোরাইপথে বিক্রি হচ্ছে। এতে সরকারের ভর্তুকির টাকা চোরাকারবারিদের পকেটে চলে যাচ্ছে। এর সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির তিন প্রতিষ্ঠানের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত বলে তিনি দাবি করেন।