দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘সীমান্ত’। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম। নাটকটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ। নাটকসহ নানা প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।নাটকে আপনি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলছেন। আয়ত্ত করলেন কীভাবে?আমি অনেক নাটকে কাজ করেছি। কিন্তু কখনোই ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলা হয়নি। তাই সীমান্ত নাটকে প্রথম দিকে অনেক কষ্ট হতো। শুটিং ইউনিটে আলোর সঙ্গে সংশ্লিষ্ট কবির এ ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। নাটকটির পরিচালকও যথেষ্ট সহযোগিতা করেছেন। আর এখন তো ময়মনসিংহের কাউকে পেলেই এই ভাষায় কথা বলি।নাটকটির শুটিংয়ের কী খবর?জুলাইয়ের প্রথম সপ্তাহে নাটকটির শুটিং শেষ হবে। খারাপও লাগছে। কারণ শুটিংয়ে আমরা সবাই মিলে অনেক মজা করতাম। আমরা কাজ করছি ময়মনসিংহের পাখিরটেকে। ওখানে রীতিমতো বনভোজনের আমেজ তৈরি হয়। এ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।আমার অভিনয়জীবনে যদি সেরা একটি কাজ থাকে, সেটা সীমান্ত নাটকের উমা চরিত্রটি। আর এটা সম্ভব হয়েছে শুধু পরিচালকের কারণে। নাটকে আমার সাজ-পোশাক একেবারেই আলাদা। আর আমিও দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। এ ছাড়া এই পরিচালকের আরেকটি ধারাবাহিকে কাজ করছি। নাম উপসংহার। এই নাটকে পাঞ্জাবি আর লুঙ্গি পরে অভিনয় করছি। নাটকে আমার চরিত্রের নাম আয়না। নাটকের গল্পের গোড়ার দিকে আমাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। একসময় সেখান থেকে আমাকে উদ্ধার করেন আলী যাকের। তার পর থেকে ওনার আশ্রয়ে থাকি, ওনাকেই বাবা বলে ডাকি।নতুন কিছু করছেন?নতুন কাজের মধ্যে আছে কায়সার আহমেদের উত্তরাধিকার আর মন রঙিলা। প্রথমটি রচনা করেছেন তৌহিন হাসান এবং দ্বিতীয়টি আনোয়ার হোসেন। এ ছাড়া ঈদের কিছু নাটকেও কাজ করছি।