পাঞ্জাবে আর্থিক সহায়তার অপেক্ষায় ২৭ হাজার নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাঞ্জাব রাজ্য সরকারের আর্থিক সংকট এখন চরম আকার ধারণ করছে। এতে বিয়ের পরও সরকারের প্রতিশ্রুত ‘সগুনের’ অর্থ পাচ্ছেন না ২৭ হাজারেরও বেশি বিবাহিত নারী। আর্থিক অনটনে থাকা পরিবারগুলোকে বিয়ের সময় রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তাকে স্থানীয়ভাবে ‘সগুন’ বলা হয়। গত সোমবার রাজ্য সরকার বিষয়টি বিধানসভাকে জানায়। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত দুই বছরে বিয়ে হয়েছে এমন নারীদের মধ্যে ২৭ হাজারের বেশি নারী এখনো সগুনের অর্থের অপেক্ষায় রয়েছেন। এখন এই অর্থ দিতে গেলে রাজ্য সরকারের প্রায় ৪২ লাখ রুপি লাগবে।পাঞ্জাবের কল্যাণবিষয়ক মন্ত্রী গুলজার সিং বিধানসভাকে জানান, সরকারের পক্ষ থেকে নতুন করে অর্থ তহবিল বরাদ্দ হলে এই বকেয়া পরিশোধ করা হবে।রাজ্য সরকারের পক্ষ থেকে অনগ্রসর গোষ্ঠী, সংখ্যালঘু ও অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে ১৫ হাজার রুপি করে দেওয়া হয়। নওয়ানশারের কংগ্রেস এমএলএ গুরিকবাল কাউরের ছেলে তরুণ রাজনীতিবিদ অংগদ সিং ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, তার এলাকার নারীরা এখনো সগুনের অর্থ পাননি বলে এক জনসমাবেশে অভিযোগ করেন।অনগ্রসর গোষ্ঠীগুলোর কল্যাণবিষয়ক দপ্তরের পরিচালক পৃথ্বী চান্দ বলেন, রাজ্য সরকারের আর্থিক সংকটের কারণে ২০০৯-১০ ও ২০১০-১১ সালের কয়েকটি বিয়ের সগুনের অর্থ দেওয়া এখনো বাকি রয়েছে। এখন এসব অর্থ দেওয়া হবে।