পাঞ্জাবের গভর্নর হিসেবে শপথ নিলেন লতিফ খোসা
পাকিস্তানের সাবেক সিনেটর ও অ্যাটর্নি জেনারেল সরদার মোহাম্মদ লতিফ খান খোসা আজ বৃহস্পতিবার পাঞ্জাবের গভর্নর হিসেবে শপথ নিয়েছেন।সাবেক গভর্নর সালমান তাসিরের মর্মান্তিক হত্যার কারণে খোসা প্রদেশের ২৭তম গভর্নর হিসেবে শপথ নিলেন।গতকাল সরদার লতিফ খোসা পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে।জিও নিউজ জানিয়েছে, নওয়াজ শরিফ খোসার নতুন দায়িত্ব পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। খোসা নওয়াজ শরিফের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।এদিকে, লাহোর হাইকোর্টে খোসার নিয়োগ বাতিল করার জন্য একটি মামলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল থাকা কালে খোসা দুর্নীতি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।পাকিস্তান বার কাউন্সিলে খোসার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে অভিযোগপত্র দেওয়া আছে, যা এখনো অমীমাংসিত। এ বিষয়ে লাহোর হাইকোর্ট বারের প্রেসিডেন্টের সহযোগিতা চাওয়া হয়েছে। হাইকোর্টে মামলার শুনানি ১৯ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি আট্টা বান্দিয়াল।এদিকে, গতকালই লতিফ খোসার শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু লাহোর হাইকোর্টের বিচারপতি জাভেদ ইকবালের বাবা-মা দুজনই খুন হওয়ায় শপথ অনুষ্ঠানটি স্থগিত করা হয়। দ্য নিউজ অনলাইন।