পাট আর কাচের নৌকায় স্বপ্নের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিপছিপে গড়নের ২৬ বছরের এক শ্বেতাঙ্গ যুবক। হঠাত্ দেখলে মনেই হবে না, এমন দুঃসাহস বুকে ধরেন। কিন্তু একটু ভালো করে চোখের দিকে তাকালে ধরা পড়ে এক ধরনের দৃঢ়তা। সেই দৃঢ়তার বলেই এক ছোট নৌকায় সাগর পাড়ি দিয়ে নিজের দেশ ফ্রান্সে ফিরতে চান করেতাঁ দেশাতেল।প্রথমবারের মতো বাংলাদেশের পাটের আঁশ আর ফাইবার গ্লাসের মিশ্রণে বানানো হয়েছে করেতাঁর এ নৌকা। সাভারের শেরপুর এলাকায় বংশী নদীর তীরে কয়েক মাস ধরে এটি গড়ে তোলা হয়েছে ফরাসি পরামর্শক নৌ স্থপতি মাখ ভেন পেথাগামের তত্ত্বাবধানে। খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা।পরিবেশবান্ধব উপাদানে তৈরি নৌকায় এ বিশাল পথ পাড়ি দেওয়ার পরিকল্পনাটি দরিদ্র মানুষের জন্য কাজ করতে আসা স্বেচ্ছাসেবী করেতাঁ নিজেরই। আর তাঁর এই উদ্যোগের পরিচিতির দায়িত্ব নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।নৌকাটি নিয়ে ১৩ ফেব্রুয়ারি দুপুরে সাভার ছাড়বেন করেতাঁ। কুয়াকাটা পৌঁছার পর ভেসে পড়বেন সাগরে। সেখান থেকে এক এক করে কলম্বো, ওমান আর মিসর হয়ে সুয়েজ খাল পেরিয়ে পৌঁছাবেন ভূ-মধ্যসাগরে। তারপর উত্তর-পশ্চিমমুখো পাড়ি দেবেন সোজা মাতৃভূমির দিকে। মোট সময় লাগবে ছয় মাস।গত বছরের এপ্রিলে বাংলাদেশে আসার পর একটি জাহাজে স্থাপিত সেবামূলক ভ্রাম্যমাণ হাসপাতালে কাজ করেছেন করেতাঁ। এ সেবাকাজের কর্ণধার তাঁরই স্বদেশি ইভ মার। বেঙ্গল গ্রুপ ও ইভের প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ’ যৌথভাবে এই নৌকা তৈরিতে সাহায্য করেছে।প্রথম আলোকে করেতাঁ বললেন, একটি ইঞ্জিন থাকলেও নৌকার পালের ওপর ভরসা করেই হাল ধরে সাগরে চলবেন তিনি।ইভ মার জানালেন, ৬০ শতাংশ ফাইবার গ্লাস আর ৪০ শতাংশ পাটের আঁশ মিশিয়ে তৈরি হয়েছে এই নৌকা। নৌকা তৈরিতে পাটের এমন ব্যবহার অতীতে আর কখনো হয়নি। ভবিষ্যতে উপাদান নিয়ে আরেকটু কাজ করতে পারলেই নৌকাটি পুরো ‘বায়োডিগ্রেডেবল’ হবে, অর্থাত্ এটি পুরোনো হলে পরিবেশের ক্ষতি না করে সাগরসৈকতের বালির সঙ্গে মিশে যাবে।৬ ফেব্রুয়ারি দুপুরে বংশী নদীর তীরে বেঙ্গল জুটের ডক ইয়ার্ড ‘তাড়াতাড়ি’তে রাখা এই তরী দেখে সহজে বোঝার উপায় ছিল না, সোনালি আঁশের সাহায্যে এমন মজবুত নৌকা তৈরি হতে পারে।বলা হয়েছে, পাটের তৈরি এই নৌকা রক্ষণাবেক্ষণে কোনো খরচ হবে না। এত দূরের পথ পাড়ি দিতে গিয়ে নৌকাটি উল্টে যাবে না, ফুটো হওয়ারও ভয় নেই।একনাগাড়ে এত দিন একাকী নৌকাবাসের কঠিন মহড়াও দিয়েছেন করেতাঁ। কয়েক মাস ধরে বংশী নদীতেই একটি সাম্পানে রাতযাপন করছেন তিনি। সাগরযাত্রায় তাঁর সঙ্গী থাকবে শুধু একটি মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা আর ল্যাপটপ।করেতাঁ ও বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ অভিযানের মধ্য দিয়ে পাটশিল্পের আরও সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। কপাল ভালো হলে গিনেস বুকে ঢোকার স্বপ্নটাও চেপে রাখলেন না তিনি। আর করেতাঁর চূড়ান্ত লক্ষ্য, বাংলাদেশে একটি গবেষণাকেন্দ্র করে পাটের ব্যবহার বাড়ানো।