পাট ও আউশের সুদিন সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন ঘন কালো মেঘে ঢাকা আকাশ, থেমে থেমে নামছে বৃষ্টি। গত কয়েক বছর আষাঢ়ের এই চিরাচরিত দৃশ্যের দেখা মিলছিল না। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বৈশাখ-জ্যৈষ্ঠ থেকে নিয়মিত আগমনী বার্তা শুনিয়ে বর্ষাটা এবার সময়মতোই শুরু হয়েছে।কখনো কখনো মনে হয়, শুরুতেই কিছুটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি! হতে পারে দীর্ঘ কয়েক বছরের অনভ্যস্ততায় কিংবা উপকূলীয় জেলাগুলোতে ইতিমধ্যে সৃষ্ট বৃষ্টিজনিত প্লাবন, ঢাকায় জলাবদ্ধতা আর সারা দেশে টানা বর্ষণও হতে পারে ও রকম মনে হওয়ার কারণ।তবে মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় গত কয়েক দিন বৃষ্টিপাত কিছুটা বেশিই হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগও।গত কয়েক দিনের টানা বৃষ্টি আজ রোববারও অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টির পরিমাণ আজ থেকে কমে আসবে। তার পরও সতর্কতা হিসেবে চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং তা আগামী এক-দুই দিন অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর অবস্থান করা স্থল-নিম্নচাপটি দুর্বল হতে শুরু করলেও সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আষাঢ় মাসের স্বাভাবিক নিয়মে সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে।আবহাওয়া বিভাগের হিসাবে, গত তিন বছর দেশে স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। এবারের আষাঢ় যেন সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার পণ করেছে। পয়লা আষাঢ় থেকে ঘন কালো মেঘের ইশারা জানিয়ে দিয়েছিল, এবার স্বাভাবিক রূপে ফিরছে বর্ষা।গত কয়েক দিনের টানা বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা বিড়ম্বনা সৃষ্টি করেছে। জলাবদ্ধতা, কর্মজীবী মানুষের কর্মস্থলে যাতায়াতের সমস্যা এবং শ্রমজীবী মানুষের বাড়তি কষ্ট এই বিড়ম্বনার রূপে এসেছে।তবে গ্রামের চিত্র কিছুটা ভিন্ন। সেখানেও কর্মজীবী-শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায় টানা বৃষ্টি অনেক সমস্যার সৃষ্টি করে। কিন্তু বাড়বাড়ন্ত পাটখেতের পাশে দাঁড়িয়ে কৃষক এই বৃষ্টিই কামনা করেন। কৃষক জানেন, এই যে থেমে থেমে দিনের পর দিন টানা বৃষ্টি, তা পাটের বেড়ে উঠতে ও আঁশ মোটা করে তুলতে বিশেষ সহায়ক হবে। আউশের খেত সোনালি ফসলে ভরে তুলবে। কৃষি বিশেষজ্ঞরাও তা-ই মনে করেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর দেশে সাত লাখ ৬০ হাজার হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। গত দুই বছর বৃষ্টি কম হওয়ায় পাটের আঁশের মান খারাপ হয়েছিল। এ বছরের স্বাভাবিক বৃষ্টি পাটকে বেড়ে উঠতে সহায়তা করবে। আঁশের মানও ভালো করবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভালো বৃষ্টি হওয়ায় এ বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮২ লাখ বেল পাট হবে বলে আশা করা যায়। নদী ও পুকুরের পানিতে ভিজিয়ে পাটের আঁশ ছাড়ানোও সহজ হবে। গত কয়েক বছর আউশ ও আমন মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় সম্পূরক সেচের প্রয়োজন হয়েছে। এ বছর বৃষ্টিপাত ভালো হলে এর প্রয়োজন হবে না। ধানের ফলনও ভালো হবে বলে তিনি মনে করেন। অব্যাহত বৃষ্টিপাতের ফলে দেশের কিছু নদীর পানির উচ্চতা বাড়লেও তা এখনো বিপৎসীমার দুই থেকে চার মিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের ৭৩টি পয়েন্টের মধ্যে ৩৯টিতে নদীর পানির উচ্চতা বেড়েছে। ২৭টি পয়েন্টে পানির উচ্চতা কমেছে ও তিনটিতে স্থিতিশীল রয়েছে। আবহাওয়াবিদ ও পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ, বিহার ও উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হলে বাংলাদেশের উজানের নদীগুলোতে পানি বাড়ে। বাংলাদেশের নদীগুলোর ৯২ শতাংশ পানিই আসে ভারত ও নেপাল থেকে। মাত্র ৮ শতাংশ পানি বৃদ্ধির কারণ দেশের অভ্যন্তরের বৃষ্টিপাত। ফলে উজানে বৃষ্টিপাত বেশি হলে বাংলাদেশে বন্যা হয়।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এ বছরের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, এ বছর জুন মাস পর্যন্ত ভারতের বেশির ভাগ স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। জুলাই মাসের বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করবে বন্যা হবে কি না।