পাট খাতে প্রণোদনার সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে পাট খাতে এক হাজার কোটি টাকার প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। জীর্ণ-শীর্ণ পাটকলগুলোর সংস্কার, শ্রমিকদের আবাসনব্যবস্থার উন্নয়ন ও দেশের আড়াই কোটি পাট চাষির চাহিদানুয়ায়ী সেবা দেওয়ার লক্ষ্যে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। সভায় পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, হায়াতুর রহমান খান ও শফিকুল ইসলাম অংশ নেন। এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে পাট সেক্টরের বিগত সময়ের অচলাবস্থা কাটিয়ে বর্তমান সরকারের আমলে উত্পাদন বৃদ্ধি ও লোকসানের পরিমাণ কমে আসায় সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়া আদমজী সন্স লিমিটেডের চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তের সর্বশেষ অগ্রগতি ও চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটের ১৩টি প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থের ৫১ শতাংশ বেশি ব্যয়ের বিষয়েও আলোচনা হয়।সভায় বিশ্ববাজারে কাঁচা পাটের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে পাট উত্পাদন বৃদ্ধির ব্যাপারে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়। পাটচাষিদের কাছ থেকে ভালো দামে পাট ক্রয়ের মাধ্যমে তাঁদের আরও বেশি জমিতে পাট চাষে আগ্রহী করে তোলা এবং ধানের পাশাপাশি পাট উত্পাদনে সুফলপ্রাপ্তি, ভারসাম্য রক্ষা ও পাটের উন্নয়নে বর্তমান উত্পাদনের কমপক্ষে ৭০ শতাংশ পাটের ব্যবহার কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় পাট খাতে বিদ্যমান অচলাবস্থা কাটিয়ে বর্তমান সরকারের সময়ে উল্লেখযোগ্য হারে উত্পাদন বৃদ্ধি ও লোকসানের পরিমাণ কমায় সন্তোষ প্রকাশ করা হয়।