পাট জাগ দেওয়ার পানিও নেই
পাবনার সাঁথিয়া উপজেলার চরভদ্রকোলা গ্রামের কৃষক হেলাল উদ্দিন গত বছর এক বিঘা জমিতে পাটের আবাদ করেছিলেন। উৎপাদিত পাটের ভালো দাম পেয়ে এবার তিন বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। গত বছরগুলোর তুলনায় এবার পাটের ফলন ভালো, দামও বেশ চড়া। তার পরেও মনে সুখ নেই তাঁর। কারণ, পানির অভাবে খেতের পাটগুলো জাগ দিতে পারছেন না তিনি। আক্ষেপ করে তিনি বলেন, ‘এবার বিষ্টির অভাবে খালে পানি নাই। তাই পাট জাগ দেওয়ারও উপায় নাই। পাট চাষ কইর্যা এবার চোখে অন্ধকার দেখত্যাছি।’বেড়া ও সাঁথিয়া উপজেলার সব পাটচাষির অবস্থা এখন হেলাল উদ্দিনের মতো। পাট জাগ দেওয়া তথা পচানো নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে খেত-সংলগ্ন খাল বা ডোবায় পানি নেই। তাই পাট পুষ্ট হওয়ার পরেও জাগ দেওয়া সম্ভব হচ্ছে না।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, বেড়ায় এবার এক হাজার ৭০০ হেক্টর ও সাঁথিয়ায় প্রায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলনও ভালো হয়েছে। উপজেলা দুটির বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ এলাকার জমির পাট কাটা হয়নি। কিছু কিছু এলাকায় সময় পেরিয়ে যাওয়ার কারণে পাটে ফুল আসতে শুরু করায় কৃষকেরা পাট কেটে জমিতেই ফেলে রাখছেন। অনেক কৃষক আবার পাট জাগ দিতে তা নসিমন-করিমনে করে দূরের জলাশয়ে নিয়ে যাচ্ছেন। বেড়ার বিশ্বনাথপুর গ্রামের কৃষক লোকমান হোসেন পাট কেটে নসিমনে করে যমুনা নদীতে জাগ দিতে নিচ্ছিলেন। তিনি বলেন, ‘আগে জমির পাশের খালে পাট জাগ দিত্যাম। কিন্তু এবার পানি না থাকায় নসিমন ভাড়া কইর্যা যমুনায় পাট নিত্যাছি। এতে পাট চাষের খরচ ম্যালা বাইড়্যা যাবো। লাভের মুখ আর দেখা লাগবি না।’ নসিমনচালক মোমিন আলী বলেন, ‘এলাকার ম্যালা কৃষকই এবার যমুনা ও আত্রাই গাঙে পাট নিয়্যা জাগ দিত্যাছে’কৃষকেরা জানান, পাট কাটার জমিতেই এখানে আমন ধানের চাষ করা হয়ে থাকে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘পাট জাগ দেওয়া নিয়ে যাতে সমস্যায় পড়তে না হয় সে জন্য আমরা কৃষকদের রিবন রেটিং পদ্ধতি অনুসরণের পরামর্শ দিচ্ছি। এ জন্য আমরা প্রতি ১০০ জন কৃষককে বিনা মূল্যে এ পদ্ধতির একটি মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি।’