পাট নিয়ে গবেষণার নতুন পর্বে বাংলাদেশ, নেতৃত্বে মাকসুদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি আঁশ বলে পরিচিত পাট নিয়ে গবেষণার নতুন পর্বে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এই গবেষণায় পাটের নতুন জাত উদ্ভাবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গবেষণায়ও নেতৃত্ব দিচ্ছেন পাটের জীবন-রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম।জানা যায়, পাটের নতুন জাত উদ্ভাবনের জন্য সরকার ৬৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। ‘পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা’ নামের এই প্রকল্প সম্প্রতি জাতীয় অর্থনৈতিক কমিশনে (এনইসি) অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাটের লবণাক্তসহিষ্ণু, বন্যাসহিষ্ণু, রোগ প্রতিরোধক ও উচ্চফলনশীল জাত উদ্ভাবন। তিন বছরের মধ্যে এ-সংক্রান্ত গবেষণা সম্পন্ন করা হবে। পাট নিয়ে দ্বিতীয় পর্যায়ের এই গবেষণার একাংশ হবে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে।মাকসুদুল আলমের নেতৃত্বে এর আগে মালয়েশিয়ায় রাবার ও যুক্তরাষ্ট্রে পেঁপের জীবন-রহস্য উন্মোচিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের হয়ে পেঁপের নতুন জাত উদ্ভাবন করেছেন। রাবারের নতুন জাত উদ্ভাবনের জন্য ১০ বছর ধরে তাঁর নেতৃত্বে গবেষণা চলছে।জীবন-রহস্য উন্মোচনের জন্য গবেষণা হয়েছিল তোষা পাট নিয়ে। নতুন প্রকল্পে দেশি পাটের জিন নিয়েও গবেষণা হবে। গবেষণা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ ও বেশ কিছু পর্যায় সম্পন্ন করা হবে মাকসুদুল আলমের মূল কর্মস্থল মালয়েশিয়ার সেন্টার ফর কেমিক্যাল বায়োলজি এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে।কৃষি মন্ত্রণালয় জানায়, গত সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সময়কাল শুরু হলেও আনুষ্ঠানিক কাজ শুরু হবে চলতি অক্টোবর মাস থেকে। বর্তমানে প্রকল্পটি কীভাবে হবে, কারা এর সঙ্গে যুক্ত থাকবেন, তা চূড়ান্ত করা হচ্ছে।কৃষি মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মোস্তাক প্রথম আলোকে বলেন, পাটের নতুন জাত উদ্ভাবনের এই গবেষণায় বেসরকারি খাতের দক্ষ বিজ্ঞানী ও তথ্যপ্রযুক্তিবিদদের রাখার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য তাঁদের উচ্চ বেতন দেওয়া হবে। গবেষণা পরিচালনার ক্ষেত্রে মাকসুদুল আলমকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।মাকসুদুল আলম নিয়মিত দেশে আসবেন: জানা যায়, এই গবেষণার প্রয়োজনে মাকসুদুল আলম সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে এসেছিলেন। দেশে চার দিন অবস্থানকালে তিনি নতুন প্রকল্পের বিভিন্ন কাজ গোছানোর পাশাপাশি পাটের জীবন-রহস্য উন্মোচনের চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজও করেন। এ গবেষণা তত্ত্বাবধান করতে তিনি প্রায় প্রতি মাসেই দেশে আসবেন।সূত্র জানায়, গত দুই বছর বৃষ্টি কম হওয়ায় পাট জাগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই কৃষি মন্ত্রণালয় দ্রুত পচে বা জাগ দেওয়া যায়—এমন পাটের জাত উদ্ভাবনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এ ছাড়া পোকামাকড়ের কারণে দেশের ২০ থেকে ৩০ শতাংশ পাট ক্ষতিগ্রস্ত হয়। নতুন জাত উদ্ভাবনের গবেষণায় এ বিষয়েও নজর দেওয়া হবে।মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান, বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থা ডেটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামালউদ্দিনের তত্ত্বাবধানে এসব প্রতিষ্ঠানের একদল তরুণ বিজ্ঞানী যৌথভাবে একটি প্রকল্পের মাধ্যমে পাটের জীবন-রহস্য উন্মোচন করেন। চলতি বছরের ৩ জানুয়ারি থেকে জুন পর্যন্ত গবেষণা করে তাঁরা এই সাফল্য পান। জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের জীবন-রহস্য উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।গবেষণা যেভাবে হবে: জানা যায়, নতুন গবেষণা প্রকল্পের তদারককারী সংস্থা হিসেবে কাজ করবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। এ প্রকল্পে ৭০ জনের একটি গবেষক দল কাজ করবে। তাঁদের ১৫ জনকে সরকারি বেতনকাঠামোর বাইরে উচ্চ বেতনে নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গবেষণার প্রতিটি স্তরে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেককে গবেষণার তথ্য-উপাত্ত সর্বোচ্চ গোপন রাখার ব্যাপারে চুক্তিবদ্ধ করা হবে। কেউ কোনো তথ্য ফাঁস করেছেন—এমন প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মাঠপর্যায়ের গবেষণার জন্য পাট গবেষণা ইনস্টিটিউটের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়, রংপুর ও মানিকগঞ্জ কেন্দ্রকে ব্যবহার করা হবে। এ জন্য ইনস্টিটিউটের কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা ল্যাব সম্প্রসারণ করা হবে। ল্যাবের জন্য নতুন দুটি তলা নির্মাণ করা হবে। গবেষণার তথ্য বিশ্লেষণের জন্য বিদেশ থেকে উন্নত কম্পিউটার ও যন্ত্র আনা হবে। ইনস্টিটিউটের এ তিন কেন্দ্রে স্থাপন করা হবে গ্রিনহাউস। এসব কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর স্থাপন ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গবেষণা প্রকল্পটির জন্য যেসব উন্নত কম্পিউটার ও যন্ত্র আমদানি করা হবে, সেগুলো দিয়ে অন্যান্য উদ্ভিদের জীবন-রহস্য উন্মোচনেও গবেষণা করা যাবে। পুরো গবেষণাটি এমনভাবে পরিচালনা করা হবে, যাতে একই ব্যবস্থাপনা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে অন্য উদ্ভিদের জীবন-রহস্য উন্মোচন ও উন্নত জাত উদ্ভাবন করা যায়।কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর দেশে সাড়ে চার লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল, চলতি বছর পাট চাষ হয়েছে আট লাখ হেক্টর জমিতে। বর্তমানে দেশের মোট রপ্তানির ৬ শতাংশেরও বেশি হলো পাট খাতের। আশা করা হচ্ছে, আগামী বছর থেকে এই রপ্তানি ১০ শতাংশে উন্নীত হবে।