পাট নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পাটের চাষ বেড়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ হাজার হেক্টর বেশি জমিতে। চলতি বছরে কুষ্টিয়ায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৮১০ হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে ৩৭ হাজার ৫০০ হেক্টরে। কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, ১০ বছরের মধ্যে এবার জেলার ছয়টি উপজেলায় সর্বাধিক পরিমাণ জমিতে পাটের চাষ হয়েছে। ভালো ফলনেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে পাট পচানোর জন্য প্রয়োজনীয় পানির সংকটের কারণে বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকেরা। সরকারিভাবে রিবন পদ্ধতির কথা বলা হলেও জেলার অধিকাংশ কৃষকই তা জানেন না। চলতি পাট কর্তন মৌসুমে কুষ্টিয়ার এক লাখ ৫২ হাজার পাটচাষির মধ্যে ৭৪ হাজার জনকে ২০০ টাকা করে এক কোটি ৪৮ লাখ টাকা দেওয়া হয়েছে।সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী গতবারের মতো এবারও পাটের বাজার ভালো যাবে। এ আশায় কৃষকেরা চলতি বছরে পাটের চাষ বাড়িয়েছেন। তবে পাট পচানোর জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না তাঁরা। অনেকে যত্রতত্র ডোবানালায় একটু পানি পেলেই সেখানে পাট পচাচ্ছেন। আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরু হয়েছে। কৃষকদের পাট কাটার এটাই উপযুক্ত সময়। কিন্তু পাট খেতেই পড়ে আছে। শ্রাবণের মাঝামাঝি সময় পর্যন্ত ভারী বৃষ্টি না হলে খেতেই পাট শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। মিরপুর উপজেলার কৃষক আলামিন বলেন, ‘পাটের বয়স হয়েছে, এ বছর ছালও বেশ হূষ্টপুষ্ট। আশা ছিল, বিঘায় ১২ মণ হারে পাট হবে। কিন্তু পানির অভাবে পাট কাটতে পারছি না।’দৌলতপুর উপজেলায় গত বছর পাটের চাষ হয়েছিল ১৪ হাজার হেক্টর জমিতে। এবার চাষ হয়েছে ১৭ হাজার হেক্টরে। চাষ বাড়লেও এখন পর্যন্ত পানির সংকটের কারণে ওই উপজেলার কৃষকেরা পাট কাটতে পারছেন না। তবে বিএডিসি উপজেলার প্রাগপুর ইউনিয়নে কয়েক কিলোমিটার খাল খনন করেছে। এ এলাকার চাষিরা অল্প-বিস্তর পাট কাটলেও উপজেলার অন্যত্র মাঠের পর মাঠে পাট পড়ে আছে। উপজেলার গোয়াল গ্রামের কৃষক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ‘এ বছর তামাক চাষ করে যেভাবে কৃষক মার খেয়েছে, পাটের ক্ষেত্রেও একই অবস্থার সৃষ্টি হবে। আবহাওয়ার তারতম্যের কারণে বৃষ্টি কমে গেছে। এর ফলে ফসলি এলাকায় পানির সংকট সৃষ্টি হয়েছে।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ গোলাম মর্ত্তজা প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে জেলার সব উপজেলায় রিবন পদ্ধতিতে পাটের ছাল তোলার ব্যাপারে কৃষকদের অবহিত করা হয়েছে। এতে করে কৃষকেরা বিরন পদ্ধতিকে গ্রহণ করেছেন। ২৩ জুলাই জেলার প্রতি ১০০ জনের একজন কৃষকের মধ্যে অর্থাৎ ৭৪০ জন কৃষকের মধ্যে রিবন মেশিন বিতরণ করা হয়েছে। পাট পচানোর জন্য পানির অভাব থাকলেও রিবন পদ্ধতির ফলে কোন সমস্যা হবে না।’