পাটখেতে পোকার আক্রমণ
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ ও নড়াইলে পাটখেতে লেদাপোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকেরা কৃষি কর্মকর্তাদের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাচ্ছেন না। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে শত শত হেক্টর জমিতে পাটের চাষ করেছেন কৃষকেরা। কিন্তু চারাগাছগুলোর পাতা খেয়ে সাবাড় করছে লেদাপোকা।কৃষক সূত্রে জানা গেছে, এ বছর তাঁরা বোরো ধান কাটার সঙ্গে সঙ্গে খেতে পাটের বীজ বপন করেছেন। ইতিমধ্যে চারা গজিয়েছে। কোথাও কোথাও তিন-চার ইঞ্চি লম্বা হয়েছে পাটগাছ। সাধারণত এপ্রিল-মে মাসের দিকে পাটবীজ বপন করা হয়। এ বছর তাঁরা আগাম অর্থাৎ মার্চ-এপ্রিল মাসেই চাষ করেছেন। আর এই সময়ে কোনো বৃষ্টি হয়নি। ফলে ব্যাপক আকারে পোকার আক্রমণ দেখা দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঈশ্বরবা, চাঁচড়া, গোবরডাঙ্গা, বালিয়াডাঙ্গা, ত্রিলোচনপুর, ঘিঘাটি, রাখালগাছি, বারোবাজার, সুবর্ণসারা, গৌরীনাথপুর, মথনপুর, হাসিলবাগ, একতারপুর, জটারপাড়া, বেথুলী, ষাটবাড়িয়া, মনোহরপুর প্রভৃতি গ্রামের মাঠের পাটখেতে এই আক্রমণ দেখা দিয়েছে। ২৭ এপ্রিল উপজেলার চাঁচড়া গ্রামের মাঠে সরেজমিনে দেখা যায়, মাঠের অধিকাংশ পাটচাষিই তাঁদের পাটখেতে কীটনাশক স্প্রে করছেন। এ সময় কৃষক ছমির উদ্দিন জানান, ১৪-১৫ বছর আগে তিনি খেতে পাটের চাষ করতেন। আবার বাজারে পাটের দাম বাড়ায় এ বছর তিনি দুই বিঘা জমিতে পাট চাষ করেছেন। কিন্তু পোকায় তাঁর খেতের পাটের চারার সব পাতা খেয়ে ফেলছে। কাদিরডাঙ্গা গ্রামের কৃষক বলয় কুমার বিশ্বাস বলেন, ‘এ বছর বৃষ্টির পানি না পাওয়ায় শ্যালোমেশিনে সেচ দিয়ে আড়াই বিঘা জমিতে দেশি জাতের পাট চাষ করেছি। কিন্তু পোকায় চারার পাতা খেয়ে সাবাড় করে দিয়েছে। কৃষি বিভাগের মাঠকর্মীরা পরামর্শ অনুযায়ী খেতে বাসুডিন, সিথিন স্প্রে করেও কাজ হচ্ছে না।’নড়াইল: সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামের চাষি সমর হাজরা (৫৬) বলেন, ‘খরার সময় শ্যালোতে জল উঠতিছেল না। অনেক দূরিরতে কলসে ভরে জল আনে জমি ভিজেয়ে তয় তিন বিঘে জমিতি পাট লাগাইছি। গাছগুলো লক-লকায়ে উঠিছে। কিন্তু ছটকা পুকায় (লেদা) কাটে দেচ্ছে। তিন-চার রওমের ওষুধ ছাড়াও কসকো সাবান গুলায়ে স্প্রে করিছি, তাও মানতিছে না। বুলক সুপার ভাইজাররে (সহকারী কৃষি কর্মকর্তা) ডায়েও পাওয়া যায় না। সে গিরামে মোটেও আসে না। তারে চাকরিরতে বাদ দিয়া উচিত।’ তাঁর মতো এলাকার অনেক কৃষকের পাটখেত লেদাপোকার আক্রমণের শিকার হয়েছে।১ মে সরেজমিন দেখা যায়, লেদাপোকা জমির পাটগাছের পাতাগুলো খেয়ে ফেলায় ঝাঝরা হয়ে গেছে। কোনো কোনো গাছের গোড়া কেটে দেওয়ায় গাছগুলো শুকিয়ে ঢলে পড়েছে। এ সময় চাষি গিরিশ হীরা বলেন, ‘২০-২৫ দিন আগে পাটবীজ বপন করেছি। গাছগুলো একটু বড় হলি ছটকা পুকা (লেদাপোকা) লাগে। দুইবার রিপকট, ওস্তাদ, বাসুডিন স্প্রে করিছি, কিন্তু কোনো কাজ হয়নি।’ সুভাষ বিশ্বাস বলেন, ‘কৃষকদের বিপদ মুহূর্তে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের পাশে এসে দাঁড়াবেন, পরামর্শ দেবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাঁকে গ্রামে দেখাই যায় না।’নড়াইল জেলা কৃষি বিভাগের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান বলেন, ‘অনাবৃষ্টির কারণে পাটখেতে লেদাপোকার আক্রমণ দেখা দিয়েছে। পর পর তিন দিন সকালে কীটনাশক স্প্রে করলে লেদাপোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে এবং কৃষকদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে।’ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আলীমুজ্জামান বলেন, ‘এ বছর বৃষ্টি না হওয়ায় এ পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। খেতে তিন-চার দিন পরপর কীটনাশক স্প্রে করলে ফল পাওয়া যাবে। তা ছাড়া বৃষ্টি হলে এসব কেটে যাবে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার কয়েক হাজার বিঘা জমির পাটের চারা কাতরী পোকায় কেটে নষ্ট করে দিচ্ছে। শুধু মুকসুদপুর উপজেলার ফুলকুমারী গ্রামের ৬০০ বিঘা জমির পাট এই পোকার আক্রমণে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।তবে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ ধরনের এই পোকার নাম কাতরী বার ছানা পোকা। এরা প্রথম অবস্থায় ছোট ও পাটের পাতার মতো সবুজ রঙের হয়। এরপর পোকাগুলো কাঠের রং ধারণ করে। এ সময় পোকাগুলো গাছের বদলে জমিতে মাটির ফাটলের মধ্যে থাকে। রাতে এরা বের হয়ে আসে এবং পাটগাছের পাতা খায়। ভয়ংকর ব্যাপার হলো, একপর্যায়ে এরা গাছের গোড়া কেটে দেয়।২৬ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, কাতরী পোকার আক্রমণে বিস্তীর্ণ এলাকায় খেতের পাট নষ্ট হয়ে গেছে। স্থানীয় জলিরপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফুলকুমারী গ্রামের কৃষক কার্তিক চন্দ্র সরকার বলেন, ‘এক মাস আগে পাট বীজ বুনছি। বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিছি। গাছ দুই-তিন ইঞ্চি হওয়ার পর কোহান থে যে পোকার আক্রমণ হইল বুঝতে হারি নাই। দুই ফের বিষ স্প্রে করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ বানিয়ারচর গ্রামের জগদীশ বিশ্বাস (৬০) বলেন, ‘১০ দিন বয়সের গাছে তো আর ইউরিয়া দেওয়া যায় না। পোকা গাছের পাতা কেন, কাণ্ডও খাইয়ে ফেলায়। হের পর সব গাছ তুইলে মাটিতে পুঁতছি। আবার নতুন কইরে লাগাচ্ছি।’ তালবাড়ী গ্রামের চিত্তরঞ্জন মণ্ডল (৪০) বলেন, ‘চৈত্র মাসের প্রথম দিকে লাগাইছি। এত দিন কিছু হয় নাই। তয় বৃষ্টি না হওয়ায় গাছও বলে নাই। ১০ দিন হইল আমার খেতেও পোকা লাগছে। কষ্টের কথা হইল, কৃষি আফিসারেরা আমাগে খোঁজ নেয় না। এই রহম চলতে থাকলে লাভ তো দূরের কথা, আসলও উঠফে না।’ জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, ‘কাতরী পোকার আক্রমণে এবার পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘ অনাবৃষ্টি যত বিপত্তি ঘটিয়েছে। বৃষ্টি হলে এত দিন পাট অনেক বড় ও শক্ত হতো। আর বৃষ্টি হলে কাতরী পোকাও মরে যেত। দিনের সূর্যের তাপ সহ্য করতে না পেরে তারা যে মাটির ফাটলে আশ্রয় নিচ্ছে, তা আর পারত না। আমরা কৃষকদের তিন রকম কাজ করতে বলছি। প্রথমত, বৃষ্টি না হলে জমিতে সেচ দিয়ে ভাসিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, সন্ধ্যার দিকে খেতে কীটনাশক স্প্রে করতে হবে। তৃতীয়ত, জমিতে মাঝারি আকারের ডাল পুঁতে দিতে হবে। যাতে ডালে পাখি এসে বসতে পারে। পাখি ওই পোকা খেয়ে ফেলতে পারে। এতে কৃষক উপকৃত হবেন। ইতিমধ্যে ১০ হেক্টরের মতো আক্রান্ত জমি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা জেলায় কৃষি কর্মকর্তাদের যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। কৃষি কর্মকর্তারা কৃষকের কাছে গিয়ে এসব পরামর্শ দেবেন এবং ফলোআপ করবেন।’