বিশ্ববাজারে পাটজাত সামগ্রীর রপ্তানি বৃদ্ধিতে ১০ রকমের প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদা আখতারের এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী এসব প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।মন্ত্রী বলেন, পাট রপ্তানির প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে নিয়মিতভাবে জাহাজ না পাওয়া, বাংলাদেশে ‘মাদার ভেসেল’ আসতে না পারা, ফিডার জাহাজের অপ্রতুলতা, ফিডার জাহাজগুলোর সিডিউল ঠিকমতো প্রতিপালিত না হওয়া, জাহাজ ভাড়া স্থিতিশীল না হওয়া, বন্দরে কন্টেইনারে পণ্য ‘স্টাফিং’-এর ক্ষেত্রে বিভিন্ন দেশ পাটপণ্য আমদানির ওপর শুল্ক বা ট্যাক্স এবং ট্রেড ব্যারিয়ার ও ট্যারিফ আরোপ করা, বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানিতে ভারত সরকারের ট্যারিফ আরোপ প্রভৃতি।এসব প্রতিবন্ধকতা নিরসনের ব্যাপারে সরকারের নেওয়া সাতটি পদক্ষেপের কথাও সংসদকে জানান পাটমন্ত্রী। এরই অংশ হিসেবে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ঋণগ্রস্ত বিভিন্ন মিলের বিরুদ্ধে ঋণ আদালতে যেসব মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের পাট রপ্তানি করে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান অর্থবছরের গত এপ্রিল পর্যন্ত ১৫ লাখ বেল পাট রপ্তানি করে এক হাজার ৪১০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।বেগম তহুরা আলীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন বন্ধ পাটকলগুলো শিগগিরই চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার পাট খাতকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে জুট পলিসি (পাটনীতি) প্রণয়ন করেছে।কাজী কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাওয়া একীভূত হিসাব অনুযায়ী বিজেএমসির মিলগুলো প্রথমবারের মতো ৮৯ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।জাতীয় পার্টির নাসরিন জাহানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ৩১ মে পর্যন্ত বিজেএমসির নিয়ন্ত্রিত মিলগুলোর জন্য মোট এক লাখ ৯৭ হাজার ৫৫৯ টন পাট ক্রয় করা হয়েছে।সরকারি দলের মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বস্ত্রশিল্পের মূল কাঁচামালের দাম কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কারখানায় সুতা ও বস্ত্র পণ্যের উত্পাদন খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় শিল্পে উত্পাদিত বস্ত্র পণ্যাদি অভ্যন্তরীণ ও বিশ্ববাজারে বাজারজাতকরণে বিশেষ অসুবিধা হচ্ছে।