পাটমন্ত্রীর ভিন্ন পাঠ!
ছাত্রলীগ, সাংবাদিক, যুদ্ধাপরাধ ও সরকারে নিজের সহকর্মীদের কাজ নিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ভিন্ন রকম এক পাঠ উপস্থাপন করলেন। তিনি ছাত্রলীগের প্রশংসা করেছেন, সমালোচনা করেছেন মন্ত্রীদের। তিনি সাংবাদিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, বলেছেন জামায়াতের নেতারা যুদ্ধাপরাধী নয়, স্বাধীনতাবিরোধী।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের অতি দ্রুত বিচার ও জাতীয় উন্নয়নবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্য দেন পাটমন্ত্রী। আলোচনা সভার আয়োজক আওয়ামী সাংস্কৃতিক ফোরাম।ছাত্রলীগের উদ্দেশে পাটমন্ত্রী বলেছেন, ‘নিজেরা নিজেরা মারামারি করো, ওদের দুই-চারটার সঙ্গে মারামারি করো না কেন? আমি জানি, পত্রিকা-টেলিভিশনে আমার এগুলো নিয়ে...। তবে এ নিয়ে আমার কোনো তোয়াক্কা নেই।’ ছাত্রলীগ ও যুবলীগে চক্রান্তকারী শক্তি ঢুকে গেছে দাবি করে লতিফ সিদ্দিকী বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা কি এই খুন-খারাবি করেছে? এরা কি সবাই খারাপ? এই ছেলেদের আমরা বাদ দেব কেন? ছাত্রলীগ বন্ধ করব কেন? ছাত্রলীগ বন্ধ করে দেব, আর মাঠ দখল করে নেবেন!’ তিনি বলেন, ‘পত্রিকায় নিউজ আসবে সে ভয়ে আমি অস্থির হয়ে যাব না। পত্রিকা-টেলিভিশনওয়ালারা শেখ হাসিনাকে জেতায়নি।’এক-এগারোর সময় সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘ঘটনার নায়কদের কাছ থেকে টাকা খেয়ে সাংবাদিকেরা ওয়ান-ইলেভেনকে আশীর্বাদ জানিয়েছিল। ওই সময় টেলিভিশনের ক্যামেরাম্যানরা টাকা না দিলে আমাদের খবর ও ছবি দেখাত না। টিভি ও পত্রিকার মালিকেরা আসলে সুবিধাভোগী।’ উপস্থিত সাংবাদিকেরা কোন মালিকেরা সুবিধাভোগী ও কারা টাকা খেয়েছে জানতে চাইলে মন্ত্রী নাম বলেননি। তিনি বলেন, ‘আমি অভিযোগ করেছি। আপনারা খুঁজে বের করেন।’টেলিভিশনের ক্যামেরা দেখিয়ে পাটমন্ত্রী বলেন, ‘এই যন্ত্রগুলো আমাদের পক্ষে নয়। সাংবাদিক ছেলেটি আমাদের পক্ষের হতে পারে। কিন্তু মালিকেরা জিয়া-এরশাদের জঙ্গি শাসনের জারজ সন্তান। ধর্ম ব্যবসায়ী ও যুদ্ধাপরাধীদের রক্ষায় সবচেয়ে অগ্রণী প্রচারমাধ্যম।’ লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি যুদ্ধাপরাধ স্বীকারই করি না। এ ক্ষেত্রে আমি মুজাহিদের সঙ্গে একমত এবং অভিন্নতা পোষণ করি। তারা কেউ যুদ্ধাপরাধী নয়। তারা হলো স্বাধীনতাবিরোধী, আমার বোনের ইজ্জত হরণকারী, তাঁরা খুনি, ধর্ষক।’ এরপর তাঁর প্রশ্ন—তাদের বিচার করতে জেনেভা কনভেনশন কেন?মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও তাদের বন্ধুরা শুধু স্লোগান দেয় এবং ধান্ধায় থাকে। ধান্ধার বান্দারা কোনো লক্ষ ও আদর্শ প্রতিষ্ঠা করতে পারে না। তিনি বলেন, ‘আমরা যাঁরা মুক্তিযুদ্ধ করে ফিরেছি তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে স্বার্থপর ও লুণ্ঠনকারী এক শক্তি। এই লুণ্ঠনকারী শক্তির সঙ্গে পরাজিত শক্তির সম্মিলনে যা দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আমরা এখন অগোছালো শক্তি। তাই তাদের সঙ্গে যুদ্ধ করে কতক্ষণ টিকব তা ভাববার বিষয়।’লতিফ সিদ্দিকী মন্ত্রীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই বলে, এক ইটে মসজিদ হয় না। তাহলে একা শেখ হাসিনা এতগুলো শক্তির ফ্রন্ট সামলাবেন কীভাবে? মন্ত্রীরা তো কোনো দায়িত্ব নেন না।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মিজু আহমেদ। আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ মিজানুর রহমান খান, অভিনেতা প্রবীর মিত্র প্রমুখ।