পাটসহ ৫০০ প্রজাতির উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। তিনি এ আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানান।সংসদে মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী।প্রধানমন্ত্রী বলেন, এত দিন বাংলাদেশ বিশ্ব জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান ও তথ্য নিয়েছে। এখন থেকে বাংলাদেশও বিশ্বকে তথ্য সরবরাহ করবে। এত দিন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে তাদের উদ্ভাবনগুলো নিয়েছে, এখন বাংলাদেশ থেকে বিশ্ববাসী জ্ঞান নেবে। এ এক বিরাট অর্জন। বাংলাদেশ যে বিশ্বকে দিতে পারে, তা আজ প্রমাণিত হলো। শেখ হাসিনা জানান, এই উদ্ভাবনের ফলে পাটসহ ৫০০ প্রজাতির উদ্ভিদকে ক্ষতিকর ছত্রাকের (ফাঙ্গাস) হাত থেকে রক্ষা করা যাবে। তিনি বলেন, পাঁচ সদস্যের একটি বিজ্ঞানী দল এই ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন। এই বিজ্ঞানী দলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক মাকসুদুল আলম। তাঁদের এই উদ্ভাবন আজ বুধবার (গতকাল) বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক জার্নাল বিএমসি জেনোমিকস-এ প্রকাশিত হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘মাকসুদুল আলম এর আগে পাটের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১০ সালের ১৬ জুন তাঁর পাটের জীবনরহস্য উন্মোচনের কথা সংসদে বলেছিলাম। ওই আবিষ্কারের পর সরকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্পের গবেষণা থেকেই ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে।’ তিনি বলেন, এই উন্মোচনের মেধাস্বত্ব যেন বাংলাদেশের কাছে থাকে, সে জন্য পাট ও ছত্রাক মিলে পাঁচটি পেটেন্ট (কৃতিস্বত্ব) যেন বাংলাদেশের নামে হয়, তার জন্য যথাযথ আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।