পাটিসাপটার সঙ্গে শাহি জর্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ইফতারের আয়োজনে চিড়াগুড়ের শরবত থাকতেই হবে। তবে ইফতারে বুট-মুড়ি-পিঁয়াজুর সঙ্গে ঐতিহ্য হিসেবে স্থান করে নিয়েছে পাটিসাপটা পিঠা এবং শাহি জর্দা। পাটিসাপটা দামে সস্তা ও সহজলভ্য। ইচ্ছা করলে ঘরে বসেও পাটিসাপটা তৈরি করা সম্ভব। কিন্তু শাহি জর্দার জন্য অবশ্যই নাজেম ইফতারি ঘরে যেতে হবে। ইফতারে হরেক রকম পদের সঙ্গে শোভা বাড়ায় পাটিসাপটা ও শাহি জর্দা।আভিজাত্য ও ব্যতিক্রম হিসেবে শাহি জর্দা, ছানার পোলাও, তেহারি, কালো ভুনা, মুরগির কালিয়া, গরুর কালো ভুনা, চিকেন পুলি, বোরহানি ও হালিমের জুড়ি নেই। এর সঙ্গে চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার, চিকেন নাগেট, চিকেন গ্রিল, চপ, কাটলেটসহ ৩০-৩৫ পদের ইফতারির আয়োজন থাকে।বরিশাল নগরে ইফতারের স্থায়ী দোকানের সংখ্যা কম। তবে রোজা উপলক্ষে নগরের সর্বত্রই ইফতার মেলে। বেলা দুইটা থেকে কবি জীবনানন্দ দাশ সড়কের নাজেম ইফতারি ঘর, সদর রোডে সকাল-সন্ধ্যা, রয়েল রেস্তোরাঁ, গৌরনদী মিষ্টান্ন ভান্ডার, রোজ গার্ডেন, গার্ডেন ইন, ইন, গোড়াচাঁদ দাস সড়কে ওল্ড স্পাইস ফুড ভিলেজ, হেমায়েতউদ্দিন সড়কে ওয়াজেদিয়া, আকাশ, পুলিশ লাইন সড়কে রিভার ক্যাফে, বেস্ট ফুডসহ নগরের সব ইফতারের দোকানে ভিড় লেগে যায়।সকাল-সন্ধ্যার ব্যবস্থাপক বিপ্লব কুমার জানান, পাটিসাপটা পিঠা তৈরির জন্য শুকনো চালের গুঁড়া প্রয়োজন হয়। চালের গুঁড়ার সঙ্গে পানি, গুড় অথবা চিনি মিশিয়ে তরল করতে হয়। এরপর হালকা তেলে ভাজতে হয়। এর আগে দুধ অথবা নারকেল মিশ্রিত ক্ষীর তৈরি করে রাখতে হয়। এরপর এই ক্ষীর দিয়ে পেঁচিয়ে তৈরি হয় পাটিসাপটা পিঠা। দাম স্থান ভেদে ১৫ থেকে ২০ টাকা।নাজেম ইফতারির স্বত্বাধিকারী ফরিদুর রহমান জানান, বাবা ৫০ বছরেরও বেশি সময় ধরে পাচক হিসেবে সুনাম অর্জন করেছেন। তাঁর ঐতিহ্য ধরে রাখতে ব্যতিক্রমী ইফতারির আয়োজন থাকছে প্রতিবছর। সবচেয়ে বেশি চাহিদা শাহি জর্দার। এরপরে তেহারি, হালিম, গরুর কালো ভুনা, ফিরনি ও জিলাপি।এই দোকানের সহযোগী পাচক আনোয়ার হোসেন জানান, বরিশালে জর্দার প্রচলন দীর্ঘদিনের। সাধারণ জর্দার চেয়ে শাহি জর্দার স্বাদ ও গন্ধ ভিন্ন। শাহি জর্দা তৈরি হয় চিনিগুঁড়া চাল দিয়ে।বরিশালের ইফতারিতে পাকওয়ান পিঠা নামে একটি পদ চালু আছে। একসময় ঘরে ঘরে এই পিঠা তৈরি হতো। এই পিঠা এখন দোকানেও বিক্রি হচ্ছে। রসাল এই পিঠা প্রতিটি ১৫ থেকে ২৫ টাকায় করে বিক্রি হয়।সদর রোড এলাকার গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সুদাম ঘোষ জানান, বিক্রির তালিকায় শীর্ষে পাটিসাপটা। এরপর ছানার পোলাও, চিকেন পুলি, মাটন চপ ও অন্যান্য পদ।বাড়িতে পাটিসাপটার সঙ্গে অন্যান্য ইফতার সামগ্রী তৈরি হলেও ক্রেতা শহীদুল ইসলামের পছন্দ গরুর কালিয়া, চিকেন পুলি, মাটন চপ ও হালিম। প্রায়ই তিনি নাজেম ইফতারির এসব সামগ্রী কিনে নেন। শহীদুল জানালেন, নাজেমের ইফতার সামগ্রীর দাম একটু বেশি। তবে মানের দিক থেকে ভালো।নাট্যজন ও ভোজনরসিক সৈয়দ দুলাল বলেন, বরিশালে ইফতারের ঐতিহ্য বলতে গেলে চিড়াগুড়ের শরবতই প্রধান। বর্তমানে পাটিসাপটা, পাকওয়ান পিঠা, জর্দা ও ফিরনি ঐতিহ্য হিসেবে পরিচিতি পাচ্ছে।