পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কাল থেকে ট্রাক পারাপার বন্ধ: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে কাল বুধবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অতি প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত। এ ছাড়া লঞ্চে কোনো অবস্থাতেই যাতে অতিরিক্ত যাত্রী বহন করা না হয়, সে দিকেও নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে এসে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।মন্ত্রী বলেন, এবার ঈদে নৌপথে ১১টি ফেরি চলাচল করবে। তবে ঈদুল আজহার আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি বহরে দুটি ইউটিলিটি ফেরি যুক্ত করা হবে। এতে এক দিকে যেমন অর্থের সাশ্রয় হবে, অন্য দিকে যানবাহন পারাপারের সংখ্যা বাড়বে। শাজাহান খান আরও বলেন, বিআইডব্লিউটিসির ফেরিগুলো অনেক পুরোনো। তাই ফেরির সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে দেশেই ইউটিলিটি ফেরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ একটি বড় ফেরির টাকায় পাঁচটি ইউটিলিটি ফেরি নির্মাণ করা সম্ভব। এই পাঁচটি ফেরিতে যানবাহন পারাপার করা যাবে ৬০টি, আর একটি বড় ফেরিতে যানবাহন পারাপার হয় ২৭টি। এ ছাড়া ইউটিলিটি ফেরি চলাচলে পানিও কম লাগে। ফলে নদীতে নাব্যতা-সংকট থাকলেও কোনো সমস্যা হবে না।মন্ত্রী বলেন, ইতিমধ্যেই চট্টগ্রামে দুটি ইউটিলিটি ফেরি নির্মাণ করা হয়েছে। এবার ঈদের আগেই ফেরি দুটি পাটুরিয়ায় আনার কথা ছিল। কিন্তু সাগর উত্তাল থাকায় তা সম্ভব হয়নি।এ ছাড়া ঘাটে দালালদের দৌরাত্ম্য, ছিনতাই ও চাঁদাবাজি দূর করতে স্থানীয় শ্রমিক সংগঠন ও প্রশাসনের সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। এর পরও যদি ঘাটে কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়, তাত্ক্ষণিকভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। একই সঙ্গে ফেরিতে কোনো প্রকার জুয়া খেলা যাতে না হয়, এ জন্য আজ থেকে ফেরিতে কোনো হকার থাকতে পারবে না বলেও তিনি জানিয়ে দেন। এ সময় সরকারদলীয় স্থানীয় কয়েকজন নেতা মন্ত্রীর কাছে হকারদের কাজ করার অনুরোধ করলে মন্ত্রী তা নাকচ করে দেন।এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল, মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশি শাহাবুদ্দিন ও পুলিশ সুপার মো. মাসুদ করিম, আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক এম এ মতিন, বন্দর কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।